সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর সুস্বাস্থ্য কেন্দ্রের কোনও নিজস্ব ভবন ছিল না। এতে স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষ নানা সমস্যায় পড়তেন। অবশেষে গোবিন্দপুর সুস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব নতুন ভবন চালু হল। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে নবনির্মিত এই সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করতে খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা। শনিবার এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে কাজের সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। এদিনের এই অনুষ্ঠানে একাধিক আধিকারিক ছাড়াও এএনএম, আশাকর্মীরাও উপস্থিত ছিলেন। এদিন বিধায়ক সুকান্ত পাল জানান, আগে গোবিন্দপুর সুস্বাস্থ্য কেন্দ্রের কাজকর্ম একটি বেসরকারি ছোট ঘর থেকে হতো। সুস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব কোনও ভবন ছিল না। ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্বাস্থ্য কেন্দ্রটির এই নতুন ভবনের উদ্বোধন করেছেন। আজ সাধারণ মানুষের ব্যবহারের জন্য তা খুলে দেওয়া হল। দোতলা এই ভবনে এএনএম, আশাকর্মী, রোগীদের বসার ঘর ছাড়াও একাধিক বিভাগ থাকছে।



