নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর প্রস্তুতিতে ব্যস্ত বঙ্গবাসী। আর এই মুহূর্তেই আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আপাতত আকাশে বৃষ্টির দাপট কমলেও স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সপ্তাহের প্রথম কয়েক দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে পুজোর দিনগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে, পুজোর মুখে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা বাড়ার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বজায় থাকতে পারে মনোরম আবহাওয়া।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত বুধবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সকাল ও সন্ধ্যায় আবহাওয়া থাকবে তুলনামূলক মনোরম। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বজায় থাকতে পারে। পাশাপাশি, বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। সকাল ও সন্ধ্যায় থাকবে মনোরম পরিবেশ, সঙ্গে শীতের আগমনের আগাম বার্তা নিয়ে হেমন্তের হালকা আমেজ। তবে শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো উপরের দিকের জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও পুজোর দিনগুলিতে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকারই ইঙ্গিত মিলছে।



