নিউইয়র্ক, ১৯ অক্টোবর: এইচ-১-বি ভিসার জন্য মোটা অঙ্কের টাকা, অভিবাসীদের সরাতে সেনা নামানো, কর্মী ছাঁটাই, শুল্কনীতি সহ একাধিক বিষয়ে ক্ষুব্ধ মার্কিনিরা। তাই ফের একবার আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে পথে নামলেন লক্ষ লক্ষ মার্কিনিরা। শনিবার(স্থানীয় সময়) আমেরিকার সমস্ত জায়গায় ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সকলের গলাতে একটাই স্বর ‘আমেরিকায় কোনও রাজা নেই,’ ‘নো কিংস।’ এর আগে গত জুন মাসে এহেন বিক্ষোভ দেখা ছিল মার্কিন মুলুক। এবার সেই বিক্ষোভকেও ছাপিয়ে গিয়েছে শনিবারের আন্দোলন। নাগরিক সংগঠন ‘নো কিংস’-এর ডাকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ পথে নেমেছিল। উদ্যোক্তাদের দাবি, সবমিলিয়ে ৭০ লক্ষের বেশি মানুষের জমায়েত হয়েছিল আমেরিকার রাস্তায়। মাত্র কয়েকমাসেই ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকাবাসীদের এই ক্ষোভ চিন্তা বাড়িয়েছে রিপাবলিকানদের।



