নিজস্ব প্রতিনিধি, বারাসত: আমডাঙা গুলিকাণ্ডে এফআইআরে নাম থাকা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমানের জামিন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রায় জানাজানি হতেই তৃণমূলের অন্দরে জল্পনা শুরু হয়েছে। বিরোধীরা বলছেন, কোর্টের রায় অনুযায়ী আনিসুরকে এবার গ্রেপ্তার করতে হবে পুলিশকে।২০২৪ সালের ২৮ আগস্ট আমডাঙার খুড়িগাছি গ্রামে গুলি, বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, কয়েকজন স্থানীয় বাসিন্দা নাসিরউদ্দিন মণ্ডলের বাড়িতে হামলা চালায়। বোমাবাজির পাশাপাশি নাসিরউদ্দিন মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ।
একটা গুলি তাঁর শরীরে লাগে। নাসিরের স্ত্রী তসলিমা বিবি থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। তাতে ১৩ নম্বরে নাম ছিল আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমানের। তিনি স্থানীয় বিধায়ক রফিকুর রহমানের ভাই। ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু আনিসুর সহ ৫ জন ফেরার। তসলিমার অভিযোগ ছিল, আনিসুরের মদতেই গুলি চালানো হয়েছে। এফআইআরে নাম থাকায় বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন আনিসুর রহমান। সেই আবেদন গতবছর নাকচ হয়েছে। এরপর আনিসুররা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টে। সেখানেও আশানরূপ ফল না হওয়ায় দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের।