Bartaman Logo
২৭ মে, ২০২৬

আম্বেদকরের নামে বেনজির ধাক্কাধাক্কি, সংসদে ধুন্ধুমার 

আম্বেদকরের নামে বেনজির ধাক্কাধাক্কি, সংসদে ধুন্ধুমার 
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাবাসাহেব আম্বেদকরকে অপমান করেছেন অমিত শাহ! অভিযোগ তামাম বিরোধী দলের। উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি। কিন্তু তিনি ইস্তফা দিতে রাজি নন। ক্ষমাও চাইছেন না। উল্টে কংগ্রেস বাবাসাহেবকে হামেশা অপমান করেছে বলে পাল্টা প্রতিবাদে সরব বিজেপি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আম্বেদকর ইস্যুতে শাসক-বিরোধী সম্মুখ সমরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল সংসদে। বেনজিরভাবে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন বিজেপি ও কংগ্রেস এমপিরা। তার জেরেই আহত হলেন দুই গেরুয়া সাংসদ, প্রতাপ ষড়ঙ্গী এবং মুকেশ রাজপুত। প্রথমজনের বাম ভ্রূর পাশ কেটে রক্ত বেরতে দেখা গিয়েছে। বর্তমানে তাঁরা রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন। রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বলে আঙুল তুলেছে শাসকদল। পাল্টা অভিযোগ রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের—‘আমাকে ঠেলে ফেলে দিয়েছে বিজেপি।’ থানায় একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দুই পক্ষ। দিনভর এ নিয়েই উত্তাল হল রাজধানী।
Advertisement
ঘটনার আঁচ এসে পড়েছে অন্যত্র। দিল্লি, কলকাতা সহ বহু শহরে কংগ্রেস দপ্তরে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। তাদের হটাতে লাঠিচার্জও করতে হয়েছে পুলিসকে। কংগ্রেসের অভিযোগ, আম্বেদকর ইস্যু ঢাকতেই সংসদে এমন বেনজির হামলা নরেন্দ্র মোদির দলের। প্রিয়াঙ্কা গান্ধীর তোপ, ‘বিজেপি গুন্ডামি করছে। আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভের উপর হামলা করেছে। আসলে অমিত শাহকে বাঁচাতেই এই নির্লজ্জ হামলা।’ 
স্বরাষ্ট্রমন্ত্রীর বেফাঁস মন্তব্য ঘিরে প্রতিবাদের ঝড়ে এদিনও দফায় দফায় মুলতুবি হয়েছে লোকসভা-রাজ্যসভা। আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূল সাংসদরা এককভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তোলেন। সেসবের আগেই অবশ্য ঘটে গিয়েছে বেনজির ঘটনা। সকাল সাড়ে ন’টার সময় সংসদ চত্বরে চলে এসেছিলেন বিজেপি এমপিরা। হাতের প্ল্যাকার্ডে কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান। পিছিয়ে ছিলেন না রাহুল গান্ধীরাও। প্রিয়াঙ্কার হাতে সংবিধান প্রণেতার ছবি। বিরোধী দলনেতার হাতে সংবিধান। সংসদ চত্বরের ‘প্রেরণাস্থল’ আম্বেদকর মূর্তির পাদদেশে ‘জয় ভীম’ স্লোগান আর অমিত শাহের ইস্তফার দাবি তুলে মিছিল করেন কংগ্রেস এমপিরা। তা শেষ হয় সংসদের মূল ভবনের মকর দ্বারে। রাহুল-প্রিয়াঙ্কা প্রবেশ করতে যাবেন কী, পথ আটকাল বিজেপির বিক্ষোভ!
লোকসভার স্পিকারের কড়া নির্দেশ ছিল, মকর দ্বারের সিঁড়ি আটকে কোনও বিক্ষোভ নয়। অথচ শাসকদলই সেই নির্দেশ অমান্য করল এদিন। সিঁড়ির কোণ ঘেঁষে ওঠার চেষ্টা করলেন রাহুল। শুরু হয়ে গেল ধাক্কাধাক্কি। মকর দ্বারের পাঁচিলে উঠে পড়লেন কংগ্রেস এমপিরা। কেন্দ্রীয় বাহিনী অনেক অনুরোধ করে তাঁদের নামাল বটে, কিন্তু ততক্ষণে রাহুলের ধাক্কায় বিজেপি এমপি আঘাত পেয়েছেন বলে হইচই বেঁধে গিয়েছে। মাটিতে বসে থাকা ষড়ঙ্গীর কাছে গেলেন রাহুল। জানতে চাইলেন, ‘আর ইউ ওকে?’ পরে অবশ্য জানালেন, ‘ধাক্কা দিইনি। বরং বিজেপিই আমাকে আটকাচ্ছিল। ধাক্কা মেরেছি কি না ফুটেজ দেখে নিক।’ এদিনের ঘটনার পর নতুন করে কড়া নির্দেশ দিয়ে স্পিকার জানিয়েছেন, সংসদের গেটে কোনও বিক্ষোভ করা যাবে না।
সম্পর্কিত সংবাদ