করণ জোহরের ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার’ আলিয়া ভাটের ডেবিউ ছবি। কিন্তু তা আক্ষরিক অর্থে মেনে নিতে নারাজ করণ। তিনি মনে করেন বলিউডে আলিয়ার ‘ইমোশনাল লঞ্চ’ হয়েছিল ওই ছবির মাধ্যমে। কিন্তু নায়িকার ‘প্রফেশনাল লঞ্চ’ হয়েছিল ইমতিয়াজ আলির ‘হাইওয়ে’তে। সদ্য এক সাক্ষাৎকারে করণ জানিয়েছেন, ‘হাইওয়ে’ প্রথম আলিয়াকে অভিনয়ের সুযোগ দিয়েছিল। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছিলেন তিনি। ‘আমি জানতাম, আলিয়া একদিন স্টার হবেই। কিন্তু ও যে এত ভালো মানের অভিনেত্রী হতে পারে, সে সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না। সেটা ‘হাইওয়ে’ ছবিতে প্রথম প্রমাণ হল’, বলেন করণ। আলিয়া তাঁর হাত ধরে ফিল্মি জার্নি শুরু করেছিলেন। কিন্তু নায়িকার সাফল্যের নিরিখে তিনি এগিয়ে রাখলেন ইমতিয়াজের ছবিটিকে।



