Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ারে কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক খালি পায়ে পদযাত্রা শুরু

আলিপুরদুয়ারে কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক খালি পায়ে পদযাত্রা শুরু
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার পুরসভায় বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প, বকেয়া বিধবাভাতা চালু ও বর্ষায় শহরকে জলবন্দি অবস্থা থেকে রক্ষা করার দাবিতে মঙ্গলবার থেকে কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক পদযাত্রা শুরু হল। এদিন পুরসভার বিরোধী দলনেতা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জেলা কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। তাতে অনেক কংগ্রেস নেতানেত্রীকেই খালি পায়ে হাঁটতে দেখা যায়। এদিন ১১ নম্বর ওয়ার্ডের হাটখোলা থেকে পদযাত্রা শুরু হয়। পরে ১০, ৯ এবং ১ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে পদযাত্রা শেষ হয় ৮ নম্বর ওয়ার্ডের সূর্যনগর মাঠে। কংগ্রেসের এই পদযাত্রা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। 
Advertisement
কংগ্রেসের অভিযোগ, শহরে পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। সাত বছরেও তৃণমূল পরিচালিত পুরসভা এই কাজ শেষ করতে ব্যর্থ। পাশাপাশি শহরের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে পুরসভার মাস্টার প্ল্যানের পরিকল্পনা নেই। প্রতিবছর বর্ষার সময় জলবন্দি হয়ে তার খেসারত দিতে হচ্ছে শহরের বাসিন্দাদের। কংগ্রেসের দাবি, দীর্ঘদিন ধরে শহরের ২০টি ওয়ার্ডের বয়স্করা বকেয়া ভাতা পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকার এই ভাতা বন্ধ করলেও রাজ্য থেকে তা দেওয়ার সংস্থান রয়েছে। কিন্তু পুরসভার তাতে কোনও গরজ নেই। 
জেলা কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ বলেন, ৩১ তারিখ পদযাত্রা শেষে আমাদের দল এই ইস্যুগুলিতে আরও বৃহত্তর আন্দোলনে নামবে। উন্নয়ন কাজে সম্পূর্ণ ব্যর্থ পুরসভা। তৃণমূল পুরসভার ঘুম ভাঙাতেই আমাদের আন্দোলন চলবে। 
যদিও কংগ্রেসের পদযাত্রাকে কটাক্ষ করে পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই। আসলে স্রেফ প্রচার পেতেই কংগ্রেস তাদের গালভরা এই কর্মসূচি নিয়েছে। পুর চেয়ারম্যান আরও বলেন, এখন পুরসভা এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের পাইপ বসানোর কাজ চলছে। সময়মতো তা চালু হবে। বিধবা ভাতার টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের সঙ্গে কথা বলে এই ভাতা চালুর চেষ্টা চলছে। - নিজস্ব চিত্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ