Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ্যপানের প্রতিবাদ করায় যুবককে চপার দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ

মদ্যপানের প্রতিবাদ করায় যুবককে চপার দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায়  ধনরাজ প্রসাদ (৩৭) নামের এক যুবককে চপার দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ৯ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে একবালপুর লেনে। শুক্রবার বিকেলে হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় জড়িত সন্দেহে অলি রাজা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও অধরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৯ তারিখ রাত ১২টা নাগাদ একবালপুর লেনে ধনরাজের বাড়ির সামনে মদের আসর বসিয়েছিল আমজাদ ও তার বন্ধুরা। সঙ্গে চলছিল অশ্রাব্য গালিগালাজ। এর প্রতিবাদ করেন ধনরাজ। এ নিয়ে তাঁর সঙ্গে ওই যুবকদের বচসা হয়। এরপর তারা ধনরাজের বাড়িতে ঢোকার চেষ্টা করলে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। সেই সময় আমজাদ নামের এক যুবক চপার বের করে আক্রমণ করে ধনরাজকে। তাঁর বাঁ কাঁধে চপারের কোপ পড়ে। তিনি পড়ে গেলে অভিযুক্তরা তাঁকে এলোপাথাড়ি কোপায়। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়। তারপর মদ্যপের দল পালিয়ে যায়। ধনরাজকে আহত অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়। একবালপুর থানা খুনের চেষ্টার মামলা রুজু করে। ১১ সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য তাঁকে ছেড়ে দেয়। কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিনই তাঁর পরিবারের সদস্যরা প্রগতি ময়দান থানা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করেন। শুক্রবার বিকেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এরপর পুলিশ এই মামলায় খুনের ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ