নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মগরার এক বিজেপি নেতার বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ তুলে সমাজমাধ্যমে ক্ষোভ জানালেন এক ব্যবসায়ী। মগরার ওই ব্যবসায়ীর ছেলে সোমনাথ দলুই সমাজমাধ্যমে লাইভ করে এ নিয়ে অভিযোগ তুলেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে। তবে ওই লাইভ ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি। সোমনাথ দলুই বলেন, আমরা জমি-জায়গার ব্যবসা করি। সেই কারণেই আমাদের কাছে তোলা চাওয়া হয়েছে। বিজেপির এক নেতা আমাদের তাঁর অফিসে ডেকে টাকা চেয়েছেন। আমরা স্থানীয় বিধায়ক সুমনা সরকারকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার অনুরোধ করেছি। পাশাপাশি, মগরা থানাতেও অভিযোগ জানিয়েছি। মগরা থানার পুলিশের বক্তব্য, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিধায়ক তথা মন্ত্রী সুমনাদেবীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, এই অভিযোগ প্রসঙ্গে দলীয় স্তরে খোঁজ নেব। রাজ্য সরকারের নীতি খুব স্পষ্ট। কোনো অন্যায় হলে পুলিশ যথাযথ পদক্ষেপ করবে।



