বলিউড অভিনেতা বিনয় পাঠকের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ করলেন বাঙালি পরিচালক অনিন্দ্য বিকাশ দত্ত। সদ্য নতুন ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। তারপরই সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক অনিন্দ্য। তাঁর অভিযোগ, এই সিরিজের গল্পের সঙ্গে হুবহু মিল রয়েছে তাঁর লেখা ‘কোয়াক শঙ্কর’ গল্পের। এ বিষয়ে অনিন্দ্য বলেন, ‘আমার গল্পটি ২০২০ সালে লেখা। স্ক্রিন রাইটার অ্যাসোসিয়েশনে রেজিস্টার্ডও রয়েছে। ২০২১ সালে আমি এই গল্পটি বিনয় পাঠককে শুনিয়েছিলাম। তাঁকে খলচরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিই। তখন উনি রাজি হননি।’ অনিন্দ্য আরও বলেন, ‘কোয়াক শঙ্করের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। একজন খ্যাতনামা তারকা কাজ করতে রাজি হয়েছেন।’ তবে এর মাঝেই অন্য সিরিজে নিজের গল্পের প্লট দেখে অবাক অনিন্দ্য। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন একাধিক পরিচালক ও অভিনেতা। পরিচালকের পরবর্তী পদক্ষেপ কী? তিনি জানান, ‘আমি আইনি পথেই ব্যবস্থা নেব। আমরা হাইকোর্টে যাচ্ছি, যাতে আপাতত ওই সিরিজের রিলিজ স্থগিত করা যায়। আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে। আমরা চাই, নিরপেক্ষ তদন্ত হোক। আসল সত্যি সামনে আসুক।’



