সংবাদদাতা, আলিপুরদুয়ার: সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। বাবা শিবচরণ ওঁড়াও ও মা নান্দিয়া ওঁড়াও অন্যের বাড়িতে দিন মজুরির কাজ করে সংসার চালায়। কখনও কখনও শিবচরণ রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে। ফলে শিবচরণের পরিবারে খেলাধুলা বিলাসিতারই নামান্তর। এই দারিদ্রতার সঙ্গে লড়াই করে শিবচরণের ছোট মেয়ে দীপিকা ওঁড়াও পড়াশোনার সঙ্গে সঙ্গে ফুটবলও খেলে চলেছে। ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা ফুটবল দলের একাদশে জায়গা করে নিয়েছে দীপিকা। কন্যাশ্রী ফুটবল কাপে দীপিকার খেলা নজর কাড়ে ইস্টবেঙ্গলের কর্তাদের।



