নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক সপ্তাহের ব্যবধানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে আল সিবের বিরুদ্ধে ফের মাঠে নামছে ইস্ট বেঙ্গল। প্রথম লেগে ওমানের মাটিতে গোলশূন্য শেষ হয় দু’দলের লড়াই। অ্যাওয়ে ম্যাচে জয় হাতছাড়া করায় নক-আউটের পথ অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে লাল-হলুদ ব্রিগেডের। তিন ম্যাচে মাত্র দু’পয়েন্ট নিয়ে গ্রুপ ডি’তে তৃতীয় স্থানে রয়েছে হাবাসের দল। ঘরের মাঠে ফের একবার পয়েন্ট নষ্ট মানে পরের রাউন্ডে যোগ্যতা অর্জনের যাবতীয় আশা শেষ। এমন পরিস্থিতিতে মঙ্গলবার যুবভারতীতে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে বদ্ধপরিকর ডানি রামিরেজ-আনোয়ার আলিরা। কোচ হাবাসও তাই অল-আউট ঝাঁপাতে তৈরি। রবিবার অনুশীলনেও সেই ইঙ্গিত মিলল।
এসিএল টু’র আসরে সুযোগ থাকলেও পুরো বিদেশি কোটা কাজে লাগাতে ব্যর্থ হাবাস। মূলত তিন বিদেশিতেই দল সাজাচ্ছেন লাল-হলুদ স্প্যানিশ কোচ। গত ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন একে লোবা। মঙ্গলবার অবশ্য প্রথম একাদশে বিদেশি স্ট্রাইকার রেখেই দল সাজাতে পারেন হাবাস। রবিবার অনুশীলনে তেমনই ইঙ্গিত মিলল। ম্যাচ প্র্যাকটিসে লোবা ও লুকাস জোলিনোস্কিকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলেন হাবাস। ফিটনেসের দিক থেকে এরা কেউই এখনও পুরো ৯০ মিনিট খেলার জায়গায় নেই। তাই লোবাকে শুরু থেকে দলে রেখে প্রয়োজনে লুকাসকে ব্যবহার করতে পারেন হাবাস।
এদিকে, কলকাতায় পা রেখেই অনুশীলনে নেমে পড়ল আল সিব। রবিবার সন্ধ্যায় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতি সারে ওমানের ক্লাবটি। নক-আউটের আশা জিইয়ে রাখতে তাদেরও মঙ্গলবার জয় পেতেই হবে।



