আজমির: যে স্থানে সমস্ত ধর্মের মানুষ এসে প্রার্থনা করেন, সেই স্থানের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা ও আইনি লড়াইয়ে টেনে আনা অত্যন্ত হাস্যকর। ভারতের বিখ্যাত দরগা আজমির শরিফ নিয়ে বিতর্ক শুরু হতেই এই মন্তব্য করলেন দরগার খাদিমরা (তত্ত্বাবধায়ক)। গত শুক্রবার আজমির আদালতে রাজস্থানের হিন্দু সেনার পক্ষ থেকে আবেদন করা হয়েছে, মইনউদ্দিন চিস্তির এই দরগাস্থল প্রকৃতপক্ষে ছিল মহাদেবের মন্দির। এই আবহে আজমির দরগার খাদিমদের প্রতিনিধিত্বকারী সংস্থা অঞ্জুমান সৈয়দ জাদগানের সেক্রেটারি সৈয়দ সারওয়ার চিস্তি বলেছেন, ‘তাজমহল, লালকেল্লার মতো ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে দরগার গুরুত্বের তুলনা করা উচিত নয়। জওহরলাল নেহরু থেকে নরেন্দ্র মোদি— দেশের প্রত্যেক প্রধানমন্ত্রী এখানে চাদর দিয়েছেন। কোনওরকম বৈষম্য ছাড়াই ভারতের সংবিধানের নৈতিকতার প্রতিনিধিত্ব করে প্রতিষ্ঠান। মারাঠা শাসন আমলেও এই দরগা অক্ষত ছিল। ফলে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য এমন আবেদন করা উচিত নয়।’ পাশাপাশি হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্তের বিরুদ্ধে ভুলভাবে ইতিহাস ব্যাখ্যা করার অভিযোগও তোলা হয়েছে।



