মুম্বই: ‘ক্যাপ নম্বর ২৭৮, সাইনিং অফ।’ কথাগুলো বলার সময় গলা ভেঙে গেল। দু’চোখ ভিজে। ক্যামেরার সামনে বসে থাকা মানুষটা তখন শুধু একজন ক্রিকেটার নন, একটা গোটা যুগের প্রতিচ্ছবি। কন্ঠস্বর কাঁপছে, শব্দগুলো অস্পষ্ট, মাঝে মাঝে থমকে যাচ্ছেন নিজেই। ফ্ল্যাশব্যাকে যেন ভাসছে দীর্ঘ কেরিয়ারের ছবি। ডোম্বিভলির সেই কিশোর, ট্রেনে চেপে রোজ প্র্যাকটিসে যাওয়া, রনজিতে মুম্বইয়ের প্রতিনিধিত্ব, জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন থেকে ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ হয়ে ওঠা, দেশকে নেতৃত্ব দেওয়া— বর্ণাঢ্য ক্রিকেট উপাখ্যানের আজ সোনালি উপসংহার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজিঙ্কা রাহানে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন ভিডিয়োয় তাঁর বার্তা, ‘জীবনের নিয়মই এটা। সবকিছুর শুরু যেমন থাকে, শেষও থাকে। সময় এলে সেটা মেনে নিতে হয়। সম্মান জানিয়ে এগিয়ে যেতে হয়।’
২০১১ সালের ৩১ আগস্ট ভারতের টি-২০ দলে অভিষেক অজিঙ্কার। সেবছরই ৩ সেপ্টেম্বর যাত্রা শুরু ওডিআই’তে। তবে তিনি সবচেয়ে বেশি নাম কামিয়েছেন টেস্টে ক্রিকেটে। ২০১৩ সালের ২২ মার্চ লাল বলের ক্রিকেটে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। প্রথম সেঞ্চুরি ২০১৪ সালে ওয়েলিটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। উপহার দেন ১৫৮ বলে ১১৪ রানের দুরন্ত ইনিংস। আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২০১৩ থেকে ২০২৩— ৮৫ টেস্টে রাহানের ব্যাট থেকে এসেছে ৫০৭৭ রান। শামিল ১২টি শতরানও। রাহুল দ্রাবিড়ের পরবর্তী যুগে রাহানেই হয়ে উঠেছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল।’ ২০২০ সালে অ্যাডিলেডের সেই ৩৬ রানের লজ্জার পর ভাঙা দলটাকে কাঁধে তুলে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জয় তাঁর কেরিয়ারের অন্যতম ঝলমলে মুহূর্ত। ক্যাপ্টেন রাহানে সেদিন পরাক্রমী অজিদের মাটি ধরিয়েছিলেন। ‘মিস্টার ডিপেন্ডেবল’ নামটা যে শুধু কথার কথা ছিল না, প্রতিটি কঠিন মুহূর্তে সেটা নিঃশব্দে প্রমাণ করে গিয়েছেন তিনি।
অজিঙ্কার নামের অর্থ ‘অপরাজেয়’। অথচ সেই মানুষটাই স্বীকার করলেন, ক্রিকেট তাঁকে হারতে শিখিয়েছে বারবার। ২০২৩ ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে জাতীয় দলে ব্রাত্য। এরপর ঘরোয়া ক্রিকেটে ঝলমলে পারফরম্যান্স মেলে ধরেছেন। তাঁর নেতৃত্বে রনজি ট্রফি জিতেছে মুম্বই। তারপরও অজিঙ্কার জন্য আর খোলেনি জাতীয় দলের দরজা। দেওয়াল লিখনটা তিনি পড়েই ফেলেছিলেন। তাই সময়কে সম্মান জানিয়ে বিদায় বললেন। তবে একটা জায়গায় তিনি কখনও হারেননি— ভক্তদের হৃদয়ে। ভিডিও বার্তার শেষ পর্বে অজিঙ্কা বলেন, ‘ অনুরাগীদের ভালোবাসা, বিশ্বাস, সমর্থনের জন্য কৃতজ্ঞ।’ ক্যাপ নম্বর ২৭৮ নামিয়ে রাখলেন তিনি চিরতরে। তবে অজিঙ্কা রাহানের নাম ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।