Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে সিঙ্গুর আন্দোলন লোকাল চলবে সম্প্রসারিত রুটে

আজ থেকে সিঙ্গুর আন্দোলন লোকাল চলবে সম্প্রসারিত রুটে
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সিঙ্গুরের জমি আন্দোলনের স্মৃতিকে সামনে রেখেই ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন সিঙ্গুর ও হাওড়ার মধ্যে দু’টি লোকাল ট্রেনের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম দেওয়া হয়েছিল ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’। এই ট্রেন দু’টিকে আজ, ইংরেজি নববর্ষের দিন থেকে সম্প্রসারিত রুটে হরিপাল ও তারকেশ্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের এই সিদ্ধান্তে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সিঙ্গুর স্টেশনে অবস্থান-বিক্ষোভে শামিল হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তাঁর সঙ্গে এই বিক্ষোভে ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না সহ তৃণমূল নেতৃত্ব ও রেলযাত্রীরা। রেল সিদ্ধান্ত প্রত্যাহার না করলে নতুন বছরে আন্দোলনের ডাক দিয়েছেন মন্ত্রী।
Advertisement
প্রতিদিন সকাল ৮টা ১২ মিনিটে সিঙ্গুর স্টেশন থেকে ছেড়ে ৯টা ০৯ মিনিটে হাওড়ায় ঢোকে সিঙ্গুর আন্দোলন লোকাল। এটি আবার সন্ধ্যা সওয়া ৭টায় হাওড়া স্টেশন থেকে ছেড়ে সিঙ্গুরে ঢোকে রাত ৮টা ১৪ মিনিটে। নতুন বছরের শুরু থেকে ট্রেন দু’টিকে সম্প্রসারিত রুটে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর প্রতিবাদেই এদিনের বিক্ষোভ তৃণমূলের। বেচারাম মান্না বলেন, ‘রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরবাসীর জন্য ট্রেনটি চালু করেছিলেন। সিঙ্গুর একটি জনবহুল এলাকা। এই স্টেশন দিয়ে ৫২টি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। আন্দোলনের ইতিহাসকে আমরা মুছে যেতে দেব না।’ যাত্রীদের অভিযোগ, হাওড়া ও সিঙ্গুরের মধ্যে এই ট্রেন চলাচল করায় সিঙ্গুরবাসী স্বচ্ছন্দে যাতায়াত করতে পারতেন। কিন্তু যাত্রাপথ সম্প্রসারিত করা হলে অতিরিক্ত ভিড়ের চাপে এই ট্রেনে ওঠার সুযোগ পাবেন না সিঙ্গুরবাসী। রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ, পয়লা জানুয়ারি সিঙ্গুর স্টেশনে সাধারণ মানুষকে জমায়েত হওয়ার ডাক দিয়েছেন বেচারাম মান্না। এ নিয়ে পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয়শঙ্কর ঝা সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘ট্রেন তুলে নেওয়া হচ্ছে না। যাত্রীদের চাহিদা অনুযায়ী সিঙ্গুর-হাওড়া লোকালকে তারকেশ্বর ও হরিপাল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। এতে নিত্যযাত্রীদের সুবিধা হবে।’
সম্পর্কিত সংবাদ