সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুরের ঐতিহ্যবাহী সিনেমা হল শীতলা টকিজে চলছে শ্যামপুর নাট্য উৎসব। এই নাট্য উৎসব এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। আজ, সোমবার নাট্য উৎসবের শেষদিন। গত বৃহস্পতিবার ফেরারি ফৌজ নাটকের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। এই ক’দিন শীতলা টকিজে প্রদর্শিত হয়েছে রোমিও জুলিয়েট, ভুতো, ছায়াপথের শেষে, আক্ষরিক, ঢেউ-এর মতো বেশ কিছু নাটক। কলকাতার কয়েকটি নামী নাট্য দল মোট আটটি নাটক মঞ্চস্থ করেছে। উৎসব কমিটির অন্যতম উদ্যোক্তা শ্যামপুর কলেজের অধ্যাপক গোবিন্দপ্রসাদ বর্মন বলেন, শ্যামপুরের মানুষের মধ্যে নাটক দেখার খিদেটা জাগিয়ে তুলেছে এই নাট্য উৎসব। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলে প্রাণের স্পন্দন ফেরানো গিয়েছে। নাটক দেখতে স্কুল পড়ুয়ারা ভালো সংখ্যায় হাজির হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরে নাটকও যে একটা বিনোদনের ক্ষেত্র, তা তাদের উপলব্ধিতে এসেছে।



