Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ নৈহাটি উপ নির্বাচন, মহিলাদের তুলনায় কম পুরুষ ভোটারের সংখ্যা

আজ নৈহাটি উপ নির্বাচন, মহিলাদের তুলনায় কম পুরুষ ভোটারের সংখ্যা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ বুধবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হচ্ছে নৈহাটিতে। চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। বুথে বুথে পৌঁছে গিয়েছেন কর্মীরা। এবারের নৈহাটি উপ নির্বাচনে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। মহিলা ভোটারের সংখ্যা ৯৭ হাজার ৭৫৩। সেখানে পুরুষ ভোটারের সংখ্যা ৯৬ হাজার ৭৪। তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। কেন্দ্রের মোট ভোটার ১ লক্ষ ৯৩ হাজার ৮৩৫ জন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ভোটকেন্দ্র ২১০টি। প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। এর জন্য নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে ২৩ জন। সাধারণ অবজার্ভার, পুলিস অবজার্ভার এবং এক্সপেন্ডিচার অবজার্ভার থাকছেন তিনজন। প্রতিটি বুথেই থাকবে ওয়েব কাস্টিং। 
Advertisement
নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে ডিসিআরসি করা হয়েছে। মঙ্গলবার সেখান থেকে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে প্রতিটি বুথে রওনা দেন ভোট কর্মীরা। সেখানে গিয়ে কাজকর্ম এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া। তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে বারাকপুরে গোলমাল হয়নি। নৈহাটিতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাছাড়া রাজ্যের সশস্ত্র বাহিনীও রয়েছে।
স্থানীয় সাংসদ পার্থ ভৌমিক বলেছেন, নৈহাটিতে কোনও নির্বাচনে গোলমাল হয়নি। বুধবারও হবে না। মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দেবে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। আর জি কর কাণ্ডের পর শহরতলিতে এটাই প্রথম ভোট। এখন দেখার, এই ভোটে তার কতটা প্রভাব পড়ে। নৈহাটিতে এবার সিপিএমের সঙ্গে জোট করে প্রার্থী দিয়েছে লিবারেশন। ফলে সিপিএমের ৬ শতাংশ ভোট কোন দিকে যায়, সেদিকেও নজর রয়েছে ওয়াকিবহাল মহলের। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী পরেশ সরকার নৈহাটি রাজনীতিতে পরিচিত মুখ। তিনি কতটা ভোট টানেন এখন সেটাও দেখার বিষয়। চারজন প্রার্থীর মধ্যে পরিচিতি এবং সংগঠনের ক্ষেত্রে এগিয়ে তৃণমূল প্রার্থী সনৎ দে। উপ নির্বাচনের ফল ২৩ নভেম্বর। 
সম্পর্কিত সংবাদ