Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ, মরশুমের শীতলতম দিন, একধাক্কায় অনেকটাই নামল পারদ! কনকনে ঠান্ডায় কাঁপছে শহরবাসী

আজ, মরশুমের শীতলতম দিন, একধাক্কায় অনেকটাই নামল পারদ! কনকনে ঠান্ডায় কাঁপছে শহরবাসী
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে লাগল শীতের ছোঁয়া। পশ্চিমি ঝঞ্ঝা কাটতেই রাজ্যে হু হু করে প্রবেশ করতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর তার জেরে শহরে একধাক্কায় পারদ নামল অনেকটাই। জাঁকিয়ে পড়ল শীত। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। চলতি মরশুমে এই প্রথম শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নামল। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, মরশুমের শীতলতম দিন। এদিন সকালে শহরে হাল্কা কুয়াশা দেখা যায়। তবে বেলা বাড়তেই কুয়াশা কেটে গিয়ে রোদের দেখা মিলেছে। তার সঙ্গে হু হু করে বইছে উত্তুরে হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির মধ্যে আসতে পারে। গতকাল, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৬.২ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে সামান্য কম ছিল। দক্ষিণবঙ্গে আপাতত আগামী ৪-৫ দিন কনকনে ঠান্ডা বজায় থাকবে। বহু জেলায় গতকালই সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ছিল। এদিন থেকে সেই জেলাগুলিতে আরও কমতে শুরু করেছে তাপমাত্রা। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৬ ডিগ্রি কম। আজ, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের তুলনায় কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদা সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট ছিল ব্যাপক।
Advertisement
সম্পর্কিত সংবাদ