নয়াদিল্লি: আজ শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের দু’টি নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব দিল্লির ফতেপুর বেরির কলেজটি তৈরি হবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের নামে। দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি হবে পশ্চিম দিল্লির নজফগড়ের। ওই কলেজের নামকরণ হবে হিন্দুত্ববাদী নেতা বীর সাভারকরের নামে। ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকের এই নামকরণের সিলমোহর পড়েছিল। কিন্তু, শিলান্যাসের প্রাকমুহূর্তে পশ্চিম দিল্লির কলেজের নামকরণ নিয়ে আপত্তি জানাল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। বৃহস্পতিবার এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে তারা। তাদের দাবি, সাভারকর নয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ক্যাম্পাসের নাম প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের নামে করা হোক। কোনও শিক্ষা প্রতিষ্ঠানের নাম তাঁর নামে করা হলেই প্রকৃত সম্মান জানানো যাবে।



