Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা আলিপুরের

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা আলিপুরের
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বুধবার সকালে কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দৃশ্যমানতা ৫০ থেকে ১৯৯ মিটারে নেমে আসতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবারও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা পড়তে পারে। তার পাশাপাশি আজ থেকে শীতের আমেজ কমবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। 
Advertisement
আবহাওয়া অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে বায়ুমণ্ডলে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকবে এবং সৃষ্টি হবে ঘন কুয়াশার অনুকূল পরিস্থিতি। অন্যদিকে পশ্চিম হিমালয় এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়বে। তাই বাড়বে তাপমাত্রা। 
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৪.৬ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে সামান্য কম ছিল। আজ বুধবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৫-১৬ ডিগ্রি আশপাশে আসবে। এরপর তাপমাত্রা আরও বাড়বে। চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি ছুঁতে পারে। চলতি সপ্তাহে পর পর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে পশ্চিম হিমালয়ে। ঝঞ্ঝা সরে যাওয়ার পর, ৪ ফেব্রুয়ারি নাগাদ শীতের আমেজ ফিরতে পারে। 
আজ বুধবার ভোরে কলকাতা ছাড়া হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলাতে ঘন কুয়াশা পড়ার সর্তকবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বৃষ্টি এবং দার্জিলিং-কালিম্পংয়ের উঁচু এলাকায় কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা আছে। পাহাড়ে বৃষ্টি ও তুষারপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য।  কলকাতা ও সংলগ্ন এলাকায় কাল বৃহস্পতিবার কুয়াশার মাত্রা কমবে। তবে আগামী কাল, বৃহস্পতিবার ঘন কুয়াশার সম্ভাবনা আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও দুই দিনাজপুর জেলায় বৃহস্পতি ও শুক্রবার ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ