Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ ইংলিশবাজারে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইগনাইট ২০২৫’  

আজ ইংলিশবাজারে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইগনাইট ২০২৫’
 
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সৌম্য দে সরকার, মালদহ: ইংলিশবাজার শহরের উপকণ্ঠে ২০১৮ সালে গড়ে ওঠা দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল নারীশক্তির উন্মেষ ও বিকাশ তুলে ধরছে তাঁদের বার্ষিক সাংস্কৃতিক উৎসবে। আজ, শনিবার এই ইংরেজি মাধ্যম সিবিএসই অনুমোদিত সিনিয়র সেকেন্ডারি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইগনাইট ২০২৫’। নিজেদের ছাত্রছাত্রীদের প্রতিভার স্ফূলিঙ্গ যেমন চোখে পড়বে এই অনুষ্ঠানে তেমনই বার্ষিক অনুষ্ঠানের মঞ্চে সম্মান জ্ঞাপন করা হবে মালদহে সসম্মানে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ছ’জন কৃতী নারী ব্যক্তিত্বকে। সব মিলিয়ে এক ঝকঝকে অনুষ্ঠানের মাধ্যমে সমাজের কাছে একাধিক ইতিবাচক বার্তা পরিবেশনের প্রস্তুতি নিয়েছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল কর্তৃপক্ষ। 
Advertisement
এই স্কুলের অধ্যক্ষ ডক্টর কৌশিক দাস বলেন, নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৫০০ জন ছাত্রছাত্রী রয়েছে আমাদের স্কুলে। শিক্ষক শিক্ষিকা রয়েছেন ৩৫ জন। ফলে আমাদের ছাত্রছাত্রীদের ব্যক্তিগত যত্নের দিকে অনেক বেশি মনোযোগ দিতে পারেন আমাদের দক্ষ শিক্ষক-শিক্ষিকারা। 
মালদহ শহর থেকে অনতিদূরে চণ্ডীপুর এলাকার কাজিগ্রাম নিত্যানন্দপুরে রয়েছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইগনাইট ২০২৫’-এর উদ্দেশ্য ব্যাখ্যা করে অধ্যক্ষ বলেন, আমরা বিশ্বাস করি, নারী প্রতিটি জীবনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে এবং তিনিই জীবনের মূল। এই বিষয়টিই আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উপজীব্য। 
এছাড়াও মালদহে এই মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সাফল্যে ভাস্বর ছ’জন কৃতী নারীকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, অতিরিক্ত জেলাশাসক (ভূমি রাজস্ব) দেবাহুতি ইন্দ্র, জেলা শিক্ষা আধিকারিক স্মৃতা সুব্বা, অধ্যাপিকা অনুরাধা কুণ্ড, ইংলিশবাজার পুরসভার কাউন্সিলার সুতপা মুখোপাধ্যায় ও কবি ভাস্বতী বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্মাননা জ্ঞাপন করব। 
একই সঙ্গে আমরা তাঁদের শতবার্ষিকীতে স্মরণ করব চলচ্চিত্র ও সঙ্গীত জগতের তিন বরেণ্য ব্যক্তিত্ব সলিল চৌধুরী, মহম্মদ রফি ও রাজ কাপুরকে।
উল্লেখযোগ্য বিষয় হল, পরিবার ও ব্যক্তিত্বের বিকাশে শিশুদের দাদু-দিদাদের ভূমিকাও তাদের স্মরণ করিয়ে দিতে চায় স্কুল কর্তৃপক্ষ। তাই একটি বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে ছাত্রছাত্রী এবং তাঁদের দাদু-দিদাদের জন্য। পাশাপাশি ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য তুলে ধরতে ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ বৈশিষ্ট তুলে ধরবে প্রতিটি রাজ্যের নিজস্ব পরিচ্ছদের মাধ্যমে। এছাড়া সামাজিক বার্তা সম্বলিত নাটকও মঞ্চায়ন করবে পড়ুয়ারা। সব মিলিয়ে আজ সন্ধ্যায় মালদহের দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের এক মননশীল সাংস্কৃতিক অনুষ্ঠান মন কাড়বে সকলেরই। - নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ