নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি। তার আগে সোমবার জাতীয় মানবাধিকারতার কমিশনের দ্বারস্থ হলেন ‘যোগ্য’ শিক্ষকরা। তাঁদের দাবি, তাঁরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। অযোগ্যদের সঙ্গে তাঁদের গুলিয়ে ফেললে তা মানবাধিকারের পরিপন্থী। রাষ্ট্রপতির কাছেও মেল করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েও নিজেদের বক্তব্য জানানোর চেষ্টা করছেন তাঁরা।
Advertisement
অন্যদিকে, ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কাটাতে আগামী দু’ সপ্তাহ পরে মামলা বিস্তারিত শোনা হবে। সোমবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আবেদনকারীরা মামলাআরও কিছুটা পিছনোর আর্জি জানান। বলেন, সংশ্লিষ্ট নথিপত্র গুছিয়ে নিতে সময় দেওয়া হোক। যদিও শীর্ষ আদালতের বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ কড়া ভাষায় জানিয়ে দেয়, মামলা পিছনো হবে না। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, ২৪ জানুয়ারি পরবর্তী শুনানি হতে পারে।



