Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ ভোটগ্রহণ হাড়োয়ায়, আট প্রার্থীর ভাগ্য নির্ধারণ

আজ ভোটগ্রহণ হাড়োয়ায়, আট প্রার্থীর ভাগ্য নির্ধারণ
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: আজ উপ নির্বাচন হাড়োয়া বিধানসভায়। নির্বিঘ্নে গণতন্ত্রের উৎসব শেষ করতে তৎপর জেলা নির্বাচন দপ্তর। কমিশনের নির্দেশ মেনে জোরকদমে প্রস্তুতি সেরে রেখেছে প্রশাসন। হাড়োয়ায় মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের উৎসাহিত করতে চারটি মডেল পোলিং স্টেশন করা হয়েছে। বুথগুলিতে ভোট পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব থাকবে মহিলাদের হাতেই।
Advertisement
মঙ্গলবার সকাল থেকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ডিসিআরসিতে হাজির হন ভোটকর্মীরা। বুথে বুথে সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। হাড়োয়া বিধানসভা এলাকায় রয়েছে ১৩টি গ্রাম পঞ্চায়েত। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিধানসভার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ১০৩। এর মধ্যে মহিলা ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৩৯৩ ও পুরুষ ১ লক্ষ ৩৮ হাজার ৭০৫ জন ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন। নতুন ভোটার ২ হাজার ২৫৮ জন। বিধানসভা এলাকায় আঁটসাঁট নিরাপত্তার জন্য মোট সেক্টরের সংখ্যা করা হয়েছে ৩১। বুথের সংখ্যা ২৯৭টি। স্পর্শকাতর বুথ ৩৪টি।
উল্লেখ্য, এর আগের বিভিন্ন নির্বাচনে হাড়োয়া বিধানসভায় রক্ত ঝরেছে। প্রাণনাশের ঘটনাও সামনে এসেছে। তাই এই বিধানসভার জন্য ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে। তবে, ভোটে মোট রাজ্য পুলিসের সংখ্যা ১ হাজার ৬৭০। ভোটকর্মী ১ হাজার ৪৬৫। উল্লেখ্যযোগ্যভাবে বাড়ানো হয়েছে, কিউআরটি গাড়ি। বিধানসভা এলাকাজুড়ে থাকছে ২৭টি ভ্যান। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে থাকছে পানীয় জল, আলো, শৌচাগার সহ প্রয়োজনীয় সমস্ত পরিষেবা। প্রতি বুথে ওয়েবকাস্টিং হবে। তাছাড়া লোডশেডিং হলে বিকল্প ব্যবস্থাও করা হয়েছে। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, প্রতিটি এলাকাকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যেই মানুষের মধ্যে মনোবল বাড়াতে রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। কোথাও কোনও সমস্যার কথা কানে এলেই 
উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। তবে, বিরোধীরা অবশ্য স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে, ভোটারদের যাতে প্রভাবিত করতে কেউ না পারে সেই জন্য প্রতিটি দলই রাতে কড়া নজরদারি চালিয়েছে। 
হাড়োয়ায় উপ নির্বাচন। বুথের পথে ভোটকর্মীরা (বাঁদিকে)। ভোট নৈহাটি বিধানসভা কেন্দ্রেও। ডিসিআরসি সেন্টারের ব্যস্ততা তুঙ্গে। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র।  
সম্পর্কিত সংবাদ