Bartaman Logo
২ জুন, ২০২৬

১২ টয়লেটের মধ্যে ১১টিই অচল, মাঝ আকাশে যাত্রা বাতিল করে ফিরল বিমান

টানা সাড়ে চার ঘণ্টা উড়ানের পরে সেটি তখন গ্রিনল্যান্ডের আকাশে। দিল্লি ঢের দেরি। ইতিমধ্যে মলমূত্রে ভরে গিয়েছে ১২টার মধ্যে একটা ছাড়া বাকি সবগুলি টয়লেট।

১২ টয়লেটের মধ্যে ১১টিই অচল, মাঝ আকাশে যাত্রা বাতিল করে ফিরল বিমান
  • ১০ মার্চ, ২০২৫ ১৮:০৩

নয়াদিল্লি, ১০ মার্চ: টাটাদের হাত ধরে হাল ফিরবে এয়ার ইন্ডিয়ার। আশা করা হয়েছিল এমনই। কিন্তু দিনকে দিন হাল আরও বেহাল হচ্ছে ‘মহারাজা’র! বেসরকারি হাতে গিয়েও রয়েছে পেশাদারিত্বের অভাব। এবার তার খেসারত দিতে হল শিকাগো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীদের। বিমানের ১২টি শৌচালয়ের মধ্যে ১১টি অচল হয়ে পড়ায় মাঝ আকাশ থেকে ইউ-টার্ন নিলেন পাইলট। দিল্লির পরিবর্তে বিমান নামল ফের শিকাগোতেই। যাওয়া-আসা মিলিয়ে লেগে গেল প্রায় ১০ ঘণ্টা।

Advertisement

জানা গিয়েছে, গত ৬ মার্চ শিকাগো থেকে দিল্লি ফেরার পথে এয়ার ইন্ডিয়ার এআই১২৬ উড়ানে ঘটে বিপত্তি। প্রায় ১০ ঘণ্টা নরক যন্ত্রণা ভোগ করতে হয় সাড়ে তিনশোর মতো যাত্রী ও বিমানকর্মীকে। স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ বিমানটি দিল্লির উদ্দেশে রওনা হয়। টানা সাড়ে চার ঘণ্টা উড়ানের পরে সেটি তখন গ্রিনল্যান্ডের আকাশে। দিল্লি আসতে তখনও ঢের দেরি। ইতিমধ্যেই মলমূত্রে ভরে গিয়েছে ১২টার মধ্যে একটা ছাড়া বাকি সবগুলি টয়লেট। এই পরিস্থিতিতে মাঝ আকাশে বিমানের মুখ ঘুরিয়ে ফের শিকাগোর পথ ধরেন পাইলট। ফিরতে লাগে আরও চার ঘণ্টা। এয়ার ইন্ডিয়ার বিমানটি যখন শিকাগো বিমানবন্দরে অবতরণ করে তখন ঘড়ির কাঁটা রাত ৯টা ছুঁইছুঁই।

এই প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘টেকনিক্যাল সমস্যার কারণে’ বিমানটি মাঝ আকাশ থেকে ইউ টার্ন নিয়েছিল। থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল যাত্রীদের। পরে তাঁদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা করা হয়েছিল বলেও জানিয়েছে এই বেসরকারি এই বিমান সংস্থাটি।

সম্পর্কিত সংবাদ