নয়াদিল্লি: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে প্রযুক্তিগত ত্রুটির শঙ্কা। এবার অস্ট্রিয়ার ভিয়েনা থেকে নয়াদিল্লিগামী উড়ানে। বেগতিক বুঝে যাত্রাপথ পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই বিমানবন্দরে অবতরণে বাধ্য হন পাইলট। পরে এয়ার ইন্ডিয়া এক বিবৃতি দিয়ে জানিয়েছে, দুবাইয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর শুক্রবার সকাল ৮টা ৪৫ নাগাদ ফের দিল্লি রওনা দেয় বিমানটি। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘ পরিস্থিতি সম্পর্কে সকল যাত্রীদের জানানো হয়েছিল এবং তাঁদের খাবারেরও বন্দোবস্ত করে এয়ার ইন্ডিয়া। এই অপ্রত্যাশিত বিলম্বের জন্য আমরা দুঃখিত। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।’



