আইনি বিপাকে জড়ালেন গায়ক উদিত নারায়ণ। সূত্রের খবর, প্রাক্তন স্ত্রী রঞ্জনা ঝা গায়কের বিরুদ্ধে একটি মামলা করেছেন। রঞ্জনার অভিযোগ, তাঁকে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন উদিত। সেই অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি পারিবারিক আদালতে একটি শুনানিতে হাজির ছিলেন উদিত। কিন্তু প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন গায়কও। তাঁর দাবি, রঞ্জনা তাঁর থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। জানা গিয়েছে, আর্থিক সহায়তার খাতিরে প্রতি মাসে রঞ্জনাকে ১৫ হাজার টাকা দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার টাকা। এ ছাড়াও প্রথম স্ত্রীর নামে একটি জমিও লিখে দিয়েছিলেন তিনি। তার সঙ্গে এক কোটি টাকার একটি বাড়িও দিয়েছিলেন। পরে বিহার মহিলা কমিশন জানতে পারে, ২৫ লক্ষ টাকার গয়নাও রঞ্জনাকে দিয়েছিলেন উদিত। সেই গয়নাও নাকি বিক্রি করে দেন রঞ্জনা। উদিতের বিরুদ্ধে মামলা আদালতের বিচারাধীন। এখনও পর্যন্ত এসব বিষয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।



