Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিক উত্তরপত্র এবার যাচাই করবে এআই

উচ্চ মাধ্যমিক উত্তরপত্র এবার যাচাই করবে এআই
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি ও কলকাতা: এবারই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে ওএমআর শিটে। এমসিকিউ ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষকের ভূমিকায় থাকবেন না কোনও শিক্ষক। উত্তরপত্র তথা ওএমআর শিটের মূল্যায়ন হবে কম্পিউটারচালিত স্বয়ংক্রিয় পদ্ধতিতে। তবে, এখানেই শেষ নয়! মূল্যায়ন পদ্ধতিকে আরও ‘মানবিক’ করতে উত্তরপত্র যাচাইয়ের ক্ষেত্রে এবার ব্যবহৃত হতে চলেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রোল এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে ভুল করলে সাধারণত উত্তরপত্র পুরোপুরি বাতিল হয়ে যায়। এরকম ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, যাতে উত্তরপত্র বাতিল না হয়। এছাড়াও ছোটখাটো ‘হিউম্যান এরর’ ধরে ফেলবে এআই। তার সুবিধা পাবেন সংশ্লিষ্ট পরীক্ষার্থী। 

Advertisement

জানা গিয়েছে, প্রথমবার ওএমআর শিটে উচ্চ মাধ্যমিক হলেও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো কড়াকড়ি রাখেনি সংসদ। তাই ওএমআরে শূন্যস্থান ভরাট করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর লেখার পাশাপাশি তা সংখ্যা হিসেবে হাতে লিখে দেওয়ার ব্যবস্থাও থাকছে। দু’টি যদি না মেলে, আসরে নামবে এআই। তথ্য ঘেঁটে জানিয়ে দেবে, কোনটি সঠিক। 
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘এবার উত্তরপত্র মূল্যায়নের জন্য বেশ কিছু এআই ফিচার্স ব্যবহার করা হচ্ছে। ওএমআরে পরীক্ষার্থীদের ছোটখাটো ভুল হলেও এআই মূল্যায়নে তার প্রভাব ফেলতে দেবে না। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।’ যেমন, যে কোনও প্রশ্নের উত্তর সূচক ‘সার্কেল’ পুরোপুরি পূরণ না হলে খুব একটা সমস্যা নেই। সার্কেলের বাইরে সামান্য দাগ পড়লেও ত্রাতার ভূমিকায় হাজির হবে এআই। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের ভুলে উত্তরপত্র পুরোপুরি বাতিল হয়ে যায়।
পরীক্ষা বিভাগের এক আধিকারিক বলেন, ‘ওএমআর শিট স্ক্যানিংয়ের পর ফিজিক্যাল শিটকে ডিজিটাইজড ফর্ম্যাটে রূপান্তরিত করা হয়। এক্ষেত্রেও তাই হবে। নির্ভুল ওএমআরে এআই’র কোনও ভূমিকা থাকবে না। ছোটখাটো ভুলের ক্ষেত্রে তা সংশোধন করা যাবে। তবে এখানেই শেষ নয়!  মূল্যায়নের দায়িত্বে যে সংস্থা রয়েছে, তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেই ওএমআরের ফিজিক্যাল ভেরিফিকেশনও করবেন। তাতেও যদি কোনও বিভ্রান্তি থাকে, সেটি পাঠানো হবে সংসদের পরীক্ষা নিয়ামক দপ্তরে। বিশেষজ্ঞরা তা পরীক্ষা করে ফাইনাল মার্কস দেবেন।’ প্রসঙ্গত, সংসদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে ওএমআর পূরণ নিয়ে ভিডিও আপলোড করা রয়েছে। 
এদিকে, পরীক্ষার্থীদের ওএমআর শিট দেখানো নিয়ে প্রযুক্তিগত সমস্যাও মিটেছে বলে খবর। পরীক্ষার ৭২ ঘণ্টার মধ্যেই সাত হাজার স্কুলে পৌঁছে যাবে ওএমআর শিটের পিডিএফ। ফলে নিজেদের ফল আগেভাগেই জেনে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ