গঙ্গাসাগরে ভিড় বেশি হলেই  সিগন্যাল দেবে এআই ক্যামেরা
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জেটিঘাটের লেন হোক বা মন্দিরে আসার লাইন—অতিরিক্ত ভিড় হলেই সিগন্যাল দেবে এআই প্রযুক্তির ক্যামেরা। নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি লোক কোনো জায়গায় হলেই প্রশাসন সেটা জানতে পারবে। শুধু তাই নয়, সেই বাড়তি লোকজনকে অন্যত্র সরানোর বিকল্প ফাঁকা জায়গার আভাসও দেবে এই প্রযুক্তি। আসন্ন গঙ্গাসাগর মেলার জন্য এবার এই নয়া উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। এছাড়াও এবার ৬ নম্বর সি বিচের পর পুণ্যার্থী বা পর্যটকদের ভাড়া দিয়ে থাকার জন্য তাঁবু তৈরির পরিকল্পনা রয়েছে প্রশাসনের। আজ, শনিবার নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক রয়েছে জেলা প্রশাসনের। সেখানে বিভিন্ন ইস্যু ও নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এক শীর্ষ পদাধিকারী বলেন, ‘আসন্ন মেলার প্রস্তুতিতে কী কী নতুন উদ্যোগ নেওয়া হবে, তা এই মিটিংয়ের পরই বোঝা যাবে। নবান্নের ছাড়পত্র পেলে কাজের প্রস্তুতি শুরু হবে।’

Advertisement

জানা গিয়েছে, প্রতি বছর মকর সংক্রান্তিতে সাগরে পুণ্যস্নানে আসা লক্ষ লক্ষ পুন্যার্থী সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশ-প্রশাসন থেকে স্বেচ্ছাসেবকদের। কাকদ্বীপের লট এইট হোক বা সাগরের কচুবেড়িয়া জেটিঘাট—অতিরিক্ত পুণ্যার্থীর জন্য চাপ বাড়ে। এমনকি মেলা প্রাঙ্গণে প্রবেশ ও বেরনোর রাস্তায় বাড়তি ভিড় হয়। সেক্ষেত্রে দুর্ঘটনার একটা আশঙ্কা থেকেই যায়। তাই এবার কোথাও অতিরিক্ত মানুষের সমাগম হলেই প্রশাসনের কন্ট্রোল রুমে সিগন্যাল আসবে। সম্প্রতি দুর্গাপুজোয়  চোরবাগানে অতিরিক্ত ভিড়ের চাপে যে দুর্ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্যের বিজেপি সরকার। তাই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। ইতিমধ্যে একটি সফ্টওয়ার তৈরি করার কাজ চলছে বলে খবর। পাশাপাশি, যেসব রাস্তা সরু এবং পুণ্যার্থীদের ভিড় হয়, সেরকম বেশ কিছু রাস্তা চিহ্নিত করে তা চওড়া করার সিদ্ধান্ত হয়েছে।