বিশেষ সংবাদদাতা,আগরতলা : টাকাপয়সা নিয়ে ঝগড়ার জের। বাবার মাথায় লাঠির দিয়ে মেরে খুন করল ছেলে। ত্রিপুরার আগরতলার বিদ্যাসাগর পুরনো কালীবাড়ি এলাকায় শনিবার রাতের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম অভ্রজিৎ দাস ওরফে পাপান। নিহত কাজল দাস মৎস্য দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী। অবসরের পর নিজের বাড়িতে ছেলের সঙ্গেই থাকতেন তিনি। প্রতিবেশীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় অভ্রজিৎ মাঝেমধ্যেই তার বাবাকে মারধর করত। ঘটনার দিন বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে সে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন কাজল দাস। ওই অবস্থাতেই দীর্ঘক্ষণ তাঁকে বাড়ির বারান্দায় ফেলে রাখে অভ্রজিৎ। তারপর ঠাণ্ডামাথায় আত্মীয় পরিজন ও প্রতিবেশীদের খবর দেয় সে। আত্মীয়স্বজন ও পড়শিরা কাজলকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে অভ্রজিৎ জানায়, অনেকক্ষণ আগেই তার বাবা মারা গিয়েছে। প্রতিবেশীরাই পুলিসে খবর দেন। পুলিস এসে অভ্রজিৎকে গ্রেপ্তার করে। কিছুদিন আগেই বাড়ির পাশের খালি জায়গা বিক্রি করা হয়। সেই জমি বিক্রির টাকা নিয়েও বাবা ও ছেলের দ্বন্দ্ব শুরু হয়।



