নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোমবার বিকেলে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে আটক করায় তীব্র চাঞ্চল্য ছড়ায় আগরপাড়ায়। এক নাবালককে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় লোকজনই তাকে আটক করে খড়দহ থানার পুলিসের হাতে তুলে দেন। পুলিস জানিয়েছে, ওই ব্যক্তির পরিচয় ও ঠিকানা যাচাই করা হচ্ছে। কী উদ্দেশ্যে সে ওই নাবালককে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল পৌনে ৪টে নাগাদ আগরপাড়ার ৫ নম্বর রেল গেটের মুখে বসে চা খাচ্ছিলেন স্থানীয় কয়েকজন। তাঁরা দেখেন, রেলগেট দিয়ে বি টি রোডের দিকে হেঁটে যাচ্ছে এক ব্যক্তি। সে এক নাবালকের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওই নাবালক মাঝেমধ্যে হাত ছাড়ানোর চেষ্টা করছে। সন্দেহ হওয়ায় স্থানীয় সোমনাথ সিং ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে নাবালক জানায়, সে ওই ব্যক্তিকে চেনে না। তাকে ২০০ টাকা দিয়েছে এবং চকোলেট দেওয়ার নাম করে জোর করে নিয়ে যাচ্ছে। এরপর স্থানীয়রা ওই ব্যক্তিকে আটকে রেখে খড়দহ থানায় খবর দেয়। পুলিস এসে ওই ব্যক্তি ও নাবালককে থানায় নিয়ে যায়। খড়দহ থানার পুলিস জানিয়েছে, ওই আদিবাসী নাবালকের বাড়ি ঘোলা থানা এলাকায়। সে কোনওভাবে আগরপাড়া এলাকায় চলে এসেছিল। অভিযুক্ত হিন্দিভাষী। তার নাম, পরিচয় জানার চেষ্টা চলছে। সোমনাথবাবু বলেন, অভিযুক্ত বলেছে, তার বাড়ি টিটাগড়ে। কিন্তু সে ওই ছেলেটিকে কেন জোর করে নিয়ে যাচ্ছিল, তা আমাদের বলেনি। এমন ঘটনা আগে কখনও দেখিনি। আমাদের নজরে না এলে ওই নাবালকের অবস্থা যে কী হতো, তা ভগবানই জানেন।



