Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী আর্থিক বছরে মালদহের জন্য ১০০ কোটি টাকার কাজ, আশ্বাস দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

আগামী আর্থিক বছরে মালদহের জন্য ১০০ কোটি টাকার কাজ, আশ্বাস দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: আগামী আর্থিক বছরে মালদহের জন্য ১০০ কোটি টাকার কাজের আশ্বাস দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার মালদহ কলেজে প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন করতে এসে একথা জানান তিনি। এদিন মন্ত্রী বলেন, আমরা আশা করছি ২০২৫-২৬ আর্থিক বছরে মালদহ জুড়ে ১০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করতে পারব। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হবে।
Advertisement
মঙ্গলবার মালদহ কলেজের নতুন বিজ্ঞান ভবনের দ্বারোদঘাটন হয়। উপস্থিত ছিলেন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকুল্যে মোট ৬ কোটি ৯৪ লক্ষ টাকা খরচ করে নতুন বিজ্ঞান ভবনটি তৈরি করা হয়েছে। কুড়ি হাজার বর্গফুট এলাকা জুড়ে ভবন নির্মিত হয়েছে। সেখানে ১৩টি ঘর আছে। এছাড়াও কয়েকটি হলঘর থাকছে। একসঙ্গে আড়াইশো ছেলেমেয়ে একসঙ্গে বসে পড়াশোনা করতে পারবে। তাছাড়াও প্রিন্সিপালের চেম্বার, কমন রুম থাকবে। এদিন কলেজ কর্তৃপক্ষের তরফে বিজ্ঞান ভবনের আরেকটি তল বাড়ানোর জন্য আবেদন জানানো হয় মন্ত্রীর কাছে। এদিন মালদহ কলেজ কর্তৃপক্ষের তরফে অডিটোরিয়ামে আধুনিক আলো এবং সাউন্ড সিস্টেমের জন্য আবেদন জানানো হয় মন্ত্রীর কাছে। জানা গিয়েছে, এই কাজের জন্য প্রয়োজন প্রায় এক কোটি টাকা। কলেজ কর্তৃপক্ষের আবেদন শুনে অডিটোরিয়ামের আধুনিকীকরণের জন্য ৮৪ লক্ষ টাকা বরাদ্দের আশ্বাস দেন উদয়ন গুহ।
বেশ কয়েক বছর ধরেই কার্যত জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল ইংলিশবাজার শহরের রবীন্দ্র ভবন। মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে জোর কদমে চলছে সেটির সংস্কারের কাজ। গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি প্রায় সমস্ত অনুষ্ঠানই মালদহ কলেজ অডিটোরিয়ামে হয়ে থাকে। স্বাভাবিকভাবে এই অডিটোরিয়ামের সংস্কার এবং আধুনিকীকরণ প্রয়োজন।  
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে ইংলিশবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রের সমালোচনা করতে শোনা যায় মন্ত্রীকে। উদয়ন বলেন, উত্তরবঙ্গের যে কোনও বিধায়ক তাঁদের এলাকার উন্নয়নের জন্য কাজের কথা বলেন। কিন্তু ইংলিশবাজারে কাজের জন্য কেউ বলছেন না। এটা আপনাদের ভাবতে হবে। কারণ আমি সব দলেরই মন্ত্রী।
যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ শ্রীরূপা। এদিন তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে শ্রীরূপা বলেন, উনি কি বলেছেন জানি না। তাঁর মন্তব্যর কোনও উত্তর দেব না। 
উদয়ন এদিন আরও জানান, উত্তরবঙ্গের আট জেলার জন্য আমি মন্ত্রী। কিন্তু মালদহে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন আছেন। এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সব কাজই করবেন সাবিনা। - নিজস্ব চিত্র। 
Advertisement
সম্পর্কিত সংবাদ