নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রতিমাকে জাগাতে প্রতিবারই গর্ভধারিণীকে ছেড়ে যেতে হয় শ্রীকান্ত রুইদাস, বেচারাম রুইদাসদের। ষষ্ঠীর সকালে মা দরজায় হলুদের ফোঁটা দিয়ে ছেলের মঙ্গল কামনা করেন। তাছাড়া উপায় নেই। ছেলেরা ঢাক কাঁধে বাড়ি না ছাড়লে পরিবারের লোকজনদের নতুন পোশাক হবে না যে। সংসার চালাতেও সমস্যা হবে। তাই যন্ত্রণা নিয়ে তাঁদের কেউ কলকাতা কিংবা হুগলির পুজো মণ্ডপে যান। দাসপাড়া মূলত ঢাকিদের বাসস্থান হিসেবেই পরিচিত। বছরের অন্যান্য সময় বিভিন্ন কাজ করলেও, পিতৃপুরুষের পেশাকে জিইয়ে রাখতে পুজোর দিনগুলিতে তাঁরা কাঁধে ঢাক তুলে নেন। কেউ বাড়ি ফেরেন একাদশীর বিকেলে, আবার কেউ দ্বাদশীর সকালে। মায়ের বিসর্জনের পরই তাঁদের পরিবারে বোধনের সুর বেজে ওঠে। ঢাকিরা বলেন, আগে পুজোর সময় ছাড়া তেমন কাজ পাওয়া যেত না। এখন রাজ্য সরকারের কল্যাণে বছরের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ মেলে। বাড়তি আয় হয়। তাই নতুন প্রজন্মও এই পেশায় আসতে আগ্রহ দেখাচ্ছে। ঢাকি শ্রীকান্ত রুইদাস বলেন, পুজোর একমাস আগে থেকেই মহড়া শুরু হয়ে যায়। ঢাক রোদে না দিলে বোল ওঠে না। ভালো বোল তুলতে না পারলে ‘বাবু’দের মন জয় করা দায়। তাঁদের ভালো লাগলে বকশিস পাওয়া যায়। অনেকেই নতুন নতুন বোলে ঢাক বাজাতে বলেন। সেই কারণে আগে থেকে মহড়া দিতে হয়।



