নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভূত উন্নতির ইঙ্গিত আগেই মিলেছিল। এবার দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর দুই বাংলার মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের চাকা গড়াতে চলেছে। রেলমন্ত্রক থেকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে লিখিতভাবে এই ট্রেন চালুর প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ সীমান্ত সুরক্ষা বাহিনীর সবুজ সংকেত মেলার পর মৈত্রী এক্সপ্রেস চালুর দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে।



