সংবাদদাতা, আলিপুরদুয়ার: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে আগামী ১৮ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার পরেই আলিপুরদুয়ার শহরে ফুটপাত দখলমুক্ত অভিযানে নামবে পুরসভা। শহরে যানজট রুখতে ও পথচারীদের সুবিধায় এই কাজ করবে তারা।
সংবাদদাতা, আলিপুরদুয়ার: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে আগামী ১৮ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার পরেই আলিপুরদুয়ার শহরে ফুটপাত দখলমুক্ত অভিযানে নামবে পুরসভা। শহরে যানজট রুখতে ও পথচারীদের সুবিধায় এই কাজ করবে তারা।
আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর শুক্রবার বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শহরের ফুটপাত দখলমুক্ত অভিযানে নামা হবে। আমাদের সাফ কথা ফুটপাতে আর কোনওভাবেই কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। তবে অভিযানে নামার আগে মাইকিং করে স্ট্রিট হকারদের অস্থায়ী কাঠামো সরিয়ে ফেলতে কয়েকদিন সময় দেবে পুরসভা। কাজ না হলে তারপরেই অভিযান শুরু হবে।
গতবছর জেলা শহরের ব্যস্ত রাস্তাগুলির দু’পাশের ফুটপাত থেকে স্ট্রিট হকারদের সরিয়ে দেয় পুরসভা। পুর কর্তৃপক্ষ হকারদের থানা মোড়ে পুরনো ট্যাক্সি স্ট্যান্ড ও এফসিআই গুদামের সামনের ফাঁকা জায়গায় পুনর্বাসন দিয়েছে। পুরসভার চিহ্নিত জায়গায় হকাররা কিছুদিন ব্যবসাও করেছেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের শহরের বিভিন্ন রাস্তার ফুটপাত দখল করে ব্যবসা করছেন হকাররা। ফলে ফুটপাতের উপর দিয়ে যাতায়াতে ফের সমস্যায় পড়েছেন পথচারীরা। বাধ্য হয়ে তাঁদের মূল রাস্তা দিয়েই হাঁটতে হচ্ছে। এতে ছোটখাট দুর্ঘটনাও বাড়ছে শহরে।
যদিও ফুটপাত দখলমুক্ত করার কাজে পুরসভার সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছেন ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার শান্তনু দেবনাথ। শান্তনুবাবু বলেন, শুধু হকাদের সরিয়ে দিলেই হয় না। নজরদারিও দরকার। কিন্তু সেই নজরদারি কোথায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভার? পুরসভার অপদার্থতার জন্যই শহরের ফুটপাত ফের হকারদের দখলে চলে গিয়েছে। যদিও পুর চেয়ারম্যান জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে কিছুদিন সময় দিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে।