ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বাংলাদেশের আরও একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেল জামাত-ই-ইসলামের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবির। জাহাঙ্গিরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জাকসুর নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে শিবির মনোনীত প্যানেল। তবে ছাত্র সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহ সভাপতি বা ভিপি পদে জয় পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থিত ‘স্বতন্ত্র’ প্রার্থী আব্দুর রশিদ ওরফে জিতু। সব মিলিয়ে বৈষম্যবিরোধীরা জয় পেয়েছে মাত্র তিনটি পদে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল, খালেদা জিয়ার বিএনপির সংগঠন জাতীয় ছাত্রদল একটি আসনও দখল করতে পারেনি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনেও মুখ থুবড়ে পড়েছিল বিএনপির ছাত্র সংগঠন। অনেকেই মনে করেছিলেন, আওয়ামি লিগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করায়, সেই ভোট এবার ছাত্রদলের দিকে যাবে। কিন্তু, বাস্তবে তা ঘটেনি।



