টাঙা চালিয়ে মন্ত্রী গৌরীশঙ্করের বক্তব্যের প্রতিবাদ অধীর চৌধুরীর
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: গত রবিবার মুর্শিদাবাদ জংশনের স্টেশন মাস্টারের বিরুদ্ধে একাধিক অনিয়ম এবং বেহাল যাত্রী পরিষেবা নিয়ে সরব হওয়ার পাশাপাশি স্টেশন চত্বরে টাঙা স্ট্যান্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। মন্ত্রী প্রশ্ন তোলার পর থেকেই কপালে দুশ্চিন্তার ভাঁজ টাঙা চালকদের। এই পরিস্থিতিতে বুধবার পরিস্থিতি পরিদর্শনে আসেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এবং সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা। টাঙা চালকদের সঙ্গে দেখা করে তাদের পাশের থাকার আশ্বাস দেন দুই নেতা। টাঙা স্ট্যান্ড নিয়ে মন্ত্রীর বক্তব্যের প্রতীকী প্রতিবাদ স্বরূপ অধীর চৌধুরী টাঙা চালিয়ে মুর্শিদাবাদ স্টেশন থেকে হাজারদুয়ারি আসেন। অধীরবাবু বলেন, রেলের সম্মতিতেই এখানে দীর্ঘদিন ধরে টাঙা স্ট্যান্ড রয়েছে। টাঙা মুর্শিদাবাদের নবাবি ইতিহাসের অন্যতম ধারক ও বাহক। এই টাঙা নবাবি সময়কে মনে করিয়ে দেয়। বছরভর পর্যটকরা এখানে আসেন। বেশিরভাগ পর্যটক টাঙায় চেপে মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলি ঘুরতে পছন্দ করেন। টাঙায় পর্যটকদের ঘুরিয়ে তাদের রুজিরুটি জোগাড় হয়। তাই যে দলের সরকারই ক্ষমতায় থাকুক না কেন, এই মানুষগুলির পাশে দাঁড়াবে এটাই আশা করব। কারণ এখানে কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ নেই। জামির মোল্লা বলেন, এক দশকের বেশি আগে রেল টাঙা স্ট্যান্ড করে দিয়েছিল। এখন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ওই স্ট্যান্ড তুলে দিতে চাইছেন। বিজেপি সরকার মানুষের কর্মসংস্থান করতে পারছে না, অথচ রুজিরোজগার কেড়ে নিচ্ছে। দলের পক্ষ থেকে এটা মেনে নেব না। গরিব খেটে খাওয়া মানুষগুলির পাশে দাঁড়িয়ে তাদের হয়ে লড়াই করব। এদিকে, মুর্শিদাবাদ স্টেশনে বিভিন্ন অনিয়ম নিয়ে মন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই নড়েচড়ে বসে রেল। ওইদিনই এডিআরএম পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার সকালে এডিআরএম (অপারেশন) প্রসূন চক্রবর্তীর নেতৃত্বে একটি তদন্তকারী দল মুর্শিদাবাদ জংশন স্টেশন পরিদর্শনে আসে। বিজেপির জেলা সম্পাদক সুজিত হালদার এবং লালবাগ টাউন সভাপতি নিবিড় দাস এডিআরএমের সঙ্গে দেখা করেন। সুজিত বলেন, দীর্ঘদিন ধরে টিকিটের কালোবাজারি থেকে শুরু করে বিভিন্ন অনিয়ম চলছে। রবিবার মন্ত্রী ওই সমস্ত বিষয়গুলি তুলে ধরে সরব হয়েছিলেন। এদিন এডিআরএমকেও ওই বিষয়গুলি বলা হয়। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।  টাঙায় প্রতিবাদী অধীর চৌধুরী। -নিজস্ব চিত্র

Advertisement