সংবাদদাতা, বহরমপুর: রাজ্যে এই প্রথম আদিবাসীদের শিবির করে গাড়ি চালানোর লার্নার লাইসেন্স দেওয়া হচ্ছে। পথনিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে এই অভিনব উদ্যোগ নিয়েছে মুর্শিদাবাদ জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তর। বৃহস্পতিবার নবগ্রাম ব্লকের পলসন্ডায় এই শিবির হবে। সেখান থেকেই বহু আদিবাসী পুরুষ ও মহিলাকে গাড়ি চালানোর লার্নার লাইসেন্স দেওয়া হবে। আঞ্চলিক পরিবহণ আধিকারিক শিবাশিস সরকার বলেন, পথনিরাপত্তা সপ্তাহে পরিবহণকর্মীদের চোখ পরীক্ষা সহ পাঁচদিন ধরে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে আদিবাসীদের লার্নার লাইসেন্স দেওয়া অন্যতম।
Advertisement
২৭-৩১ জানুয়ারি রাজ্যব্যাপী পথনিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। সোমবার বহরমপুরে আঞ্চলিক পরিবহণ দপ্তরে রক্তদান শিবিরের মাধ্যমে এর সূচনা হয়। বুধবার বহরমপুর সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র্যালির সূচনা করেন জেলাশাসক রাজর্ষি মিত্র। র্যালিতে স্কুলের ছাত্রছাত্রী ও পরিবহণকর্মীরা অংশ নিয়েছিলেন। পরিবহণকর্মীদের বিনামূল্যে চোখ পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। সেইসঙ্গে পথনিরাপত্তা বিষয়ে আঁকা প্রতিযোগিতা হয়। পথনিরাপত্তা সপ্তাহে জেলার বিভিন্ন জায়গায় পরিবহণ দপ্তর বিশেষ অভিযান চালাবে। গাড়ি ও চালকের বৈধ কাগজ এবং তাঁদের দক্ষতাও যাচাই করা হবে। ৩১ জানুয়ারি এক অনুষ্ঠানে জেলা পুলিসের তরফে গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।



