Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আচমকা পরিদর্শনে পুজালির চেয়ারম্যান, ৩ মাসেই রাজীবপুরে জেটিঘাট চালুর সম্ভাবনা

আচমকা পরিদর্শনে পুজালির চেয়ারম্যান, ৩ মাসেই রাজীবপুরে জেটিঘাট চালুর সম্ভাবনা
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বজবজ: ২০২৪ সালে পুজালির রাজীবপুরে কংক্রিটের জেটিঘাট তৈরি শুরু হয়েছিল। কাজ কতটা এগিয়েছে, তা সরেজমিনে দেখতে নতুন বছরের প্রথম দিন, বুধবার ‘সারপ্রাইজ ভিজিটে’ গেলেন পুজালির চেয়ারম্যান তথা প্রশাসক তাপস বিশ্বাস। কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদার সংস্থার কর্তাদের সঙ্গে কথাও বললেন তিনি। আপাতত কংক্রিটের জেটিঘাটের কাঠামোটি দাঁড় করানোর আগে জোরকদমে কলাম তৈরির রড বাঁধাই চলছে। আগামী তিন থেকে চারদিনের ভিতর কলামগুলি ঢালাই হয়ে যাবে। এমনটাই চেয়ারম্যানের কাছে জানিয়েছেন ঠিকাদার সংস্থার কর্তারা। কলামের ঢালাই শুকিয়ে গেলে তার উপর কংক্রিটের জেটি তৈরির প্রস্তুতি শুরু হবে।
Advertisement
চেয়ারম্যান তাপসবাবু বলেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, আগামী তিনমাসের মধ্যে কংক্রিটের জেটিঘাট তৈরির কাজ শেষ হয়ে যাবে। সব ঠিকঠাক এগলে হয়তো ১ এপ্রিল রাজীবঘাট থেকে চেঙ্গাইল লঞ্চ পরিষেবা চালু হয়ে যেতে পারে। তাপসবাবু আরও জানান, এমনিতে অপরপারে চেঙ্গাইলে জেটিঘাট তৈরি হয়ে আছে। সরকারিভাবে এই ঘাটের জন্য লঞ্চও বরাদ্দ করা আছে। প্রসঙ্গত, এখন এই অঞ্চলের যাত্রীদের পুরনো সেই ভুটভুটি করেই গঙ্গা পারাপার করতে হচ্ছে। তবে চোখের সামনে জেটিঘাট তৈরির কাজ চলতে দেখে যাত্রীরা এখন খুশী। তাঁদের কথায়, দেখতে দেখতে তিনমাস কেটে যাবে। তখন নতুন জেটিঘাট দিয়ে লঞ্চে করে যাওয়া যাবে। তাই এ ক’দিন কষ্ট হলেও সহ্য করে নিতে হবে।
সম্পর্কিত সংবাদ