সংবাদদাতা, বনগাঁ: বনগাঁয় উন্নয়নের টাকা কোথায় যায়, কেউ বলতে পারবে না। বিজেপি বিধায়করা উন্নয়নের টাকা এজেন্সিকে দিয়ে দেয়। তার কমিশন ঠিক বিধায়কদের কাছে পৌঁছে যায়। নাম না করে এভাবেই বিজেপি বিধায়কদের সমালোচনা করলেন বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। রবিবার তৃণমূলের শ্রমিক সংগঠনের বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ২০২১ সালে বিধানসভা ভোটে বনগাঁয় যাঁরা জিতেছিলেন, তাঁদের বিধায়ক তহবিলের টাকা কোথায় গিয়েছে, তা কেউ বলতে পারবেন না। আমরা উন্নয়নের দিক থেকে পিছিয়ে গিয়েছি। ওরা (বিজেপি) উন্নয়নের জন্য বছরে ৭০ লক্ষ টাকা এজেন্সিকে দিয়ে দেয়। এজেন্সি কোথায় কী কাজ করছে, জানি না। কিন্তু কমিশন ঠিক তাঁদের কাছে চলে যায়।’ পাশাপাশি এদিন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে কটাক্ষ করেন বিশ্বজিৎ দাস বলেন, একজন সাংসদ আছেন ঠিকই। কিন্তু বিগত বছরগুলিতে তিনি কী কাজ করেছেন, কেউ জানেন না।’ তৃণমূল জেলা সভাপতির এই বক্তব্যকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, ‘আমার বিধায়ক তহবিলের ৭০ শতাংশ টাকা একাধিক স্কুলের উন্নয়নের কাজে লেগেছে। উনিও তো ১০ বছর বিধায়ক ছিলেন। বলুন কোথায় উন্নয়ন করেছেন।’ নাম না করে বিশ্বজিৎ দাসকে ‘কাটমানি মাস্টার’ বলে সম্বোধন করে অশোক কীর্তনিয়া বলেন, ‘ওনার সার্টিফিকেট আমাদের দরকার নেই।’



