Bartaman Logo
৯ জুন, ২০২৬

স্ত্রীকে পুড়িয়ে খুন, পুলিস হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ অভিযুক্ত, ‘ওরা মাকে জ্বালিয়ে দিল’, বয়ান শিশুপুত্রের

বিয়েতে গাড়ি, বাইক, সোনা দিয়েও সন্তুষ্ট করা যায়নি শ্বশুরবাড়ির লোকজনকে। আরও পণের দাবিতে অত্যাচার চরমে উঠেছিল। শেষপর্যন্ত শিশুসন্তানের সামনেই বধূকে পুড়িয়ে খুন। অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন।

স্ত্রীকে পুড়িয়ে খুন, পুলিস হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ অভিযুক্ত, ‘ওরা মাকে জ্বালিয়ে দিল’, বয়ান শিশুপুত্রের
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়ডা: বিয়েতে গাড়ি, বাইক, সোনা দিয়েও সন্তুষ্ট করা যায়নি শ্বশুরবাড়ির লোকজনকে। আরও পণের দাবিতে অত্যাচার চরমে উঠেছিল। শেষপর্যন্ত শিশুসন্তানের সামনেই বধূকে পুড়িয়ে খুন। অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত বধূ নিক্কি ভাটির স্বামী বিপিন ভাটিকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিস। গারদে ঠাঁই হয়েছে মৃতার শাশুড়িরও। এরইমাঝে রবিবার এক পুলিস কর্মীর পিস্তল ছিনিয়ে হেফাজত থেকে পালানোর চেষ্টা করে বিপিন। পাল্টা পুলিসের গুলিতে জখম হয় সে। পায়ে গুলি লেগেছে তার। যদিও হাসপাতালের বেডে শুয়েও এতটুকু অনুশোচনা নেই অভিযুক্তর। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সে। নিক্কিকে নির্মম মারধর ও তার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। 

Advertisement

নিক্কির পরিবারের অভিযোগ, জামাই ও মেয়ের শ্বশুরবাড়ির দাবি মতো বিলাসবহুল গাড়ি, বাইক, নগদ টাকা, সোনা সবই দেওয়া হয়েছিল। তারপরও আরও ৩৬ লক্ষ টাকা চাইছিল ওরা। গত বৃহস্পতিবার নিকির গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ২০১৬ সালে নিক্কি ও বিপিনের বিয়ে হয়। তারপর থেকেই পণের দাবিতে অত্যাচার চলছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী নিক্কির ছ’বছরের ছেলে জানিয়েছে,  বাবা, দাদু ও ঠাকুমা মিলে মাকে খুন করেছে। ওরা মায়ের গায়ে কিছু ঢেলে দেয়। তারপর আগুন ধরিয়ে দেয়। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা ভিখারি সিং পায়লা। কাতর গলায় তাঁর আর্জি, ‘ওরা খুনি। দোষীদের এনকাউন্টারে মারা উচিত। ওদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া উচিত।’ একই পরিবারে বিয়ে হয়েছে নিক্কির দিদি কাঞ্চনেরও। ওই তরুণীর অভিযোগ,  তাঁদের দু’জনের উপরই অত্যাচার চালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
যদিও খুনের কথা স্বীকার করেনি অভিযুক্ত বিপিন। তাঁর বক্তব্য, ‘আমার কোনও অনুশোচনা নেই। আমি খুন করিনি। ও নিজেই গায়ে আগুন দিয়েছে।’

সম্পর্কিত সংবাদ