সংবাদদাতা, বারুইপুর: সরকারি সাহায্যে বাড়ি তৈরির প্রথম দফার টাকা চলে এসেছিল। কিন্তু বাড়ির কর্তা চান, ওই টাকা দিয়ে তিনি মদ্যপান করবেন। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য স্ত্রীর কাছে জোরাজুরি শুরু করেন। কিন্তু স্ত্রী কোনওমতে সেই টাকা তুলতে চাননি। সেই নিয়ে বাড়িতে শুরু হয় তুমুল অশান্তি। শেষে রেগে গিয়ে নিজের বাড়িই ভাঙচুর করে আগুন ধরিয়ে দিলেন গুণধর স্বামী। তারপরেই চম্পট দেন তিনি।
Advertisement
ক্যানিং থানার তালদিতে ঘটনাটি ঘটেছে। তালদির পূর্ব শিবনগর এলাকার বাসিন্দা শওকত গাজি কাজকর্ম তেমন করেন না। খালি নেশা করেন বলে তাঁর স্ত্রীর অভিযোগ। তাঁদের বাড়ির অবস্থা ভগ্নপ্রায়। সংসারের হালও খারাপ। তাই স্ত্রী লালমনি গাজি আবাস যোজনায় বাড়ি করবেন বলে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। সম্প্রতি এই প্রকল্পে তাঁর অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢোকে। এরপরেই সেই টাকা তোলার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন স্বামী। লালমনি বলেন, রাতেই টাকা তোলার জন্য উৎপাত করেছিল। টাকা হাতে থাকলেই মদ, জুয়ায় মেতে থাকে। টাকা না দেওয়ায় আমাকে মারধরও করে। এরপর নিজেই বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।



