সংবাদদাতা, করিমপুর: আবাস যোজনায় সরকারের টাকা পেয়েও শান্তি নেই উপভোক্তাদের। অ্যাকাউন্টে টাকা ঢুকতেই রাতারাতি ইট, বালি, পাথর সহ সমস্ত নির্মাণ সামগ্রীর দাম বেড়ে গিয়েছে বলে অভিযোগ। বেড়ে গিয়েছে রাজমিস্ত্রির পারিশ্রমিকও। ঘর বানাতে রীতিমতো কালঘাম ছুটছে আবাস প্রকল্পের উপভোক্তাদের। জানা গিয়েছে, রাজ্যের প্রায় বারো লক্ষ মানুষ বাংলার আবাস যোজনার টাকা পেয়েছেন। রাজ্যের অন্য প্রান্তের মতো করিমপুরের উপভোক্তারাও বাড়ি তৈরির কাজ শুরু করেছেন। একযোগে সর্বত্র নির্মাণ কাজ শুরু হওয়ার সুযোগ বুঝে মূল্য বৃদ্ধি করা হচ্ছে বলে বাড়ি প্রাপকরা অভিযোগ তুলেছেন। করিমপুরের নতুনপল্লির বাসিন্দা ময়না স্বর্ণকার বলেন, বর্তমানে যা জিনিসের দাম তাতে প্রথম কিস্তির টাকা মাটির নীচে চলে গেল। যখন টাকা পাব শুনছিলাম তখন থেকে টাকা পাওয়ার পর কাজ শুরু করতেই ৭ টাকা দামের ইট হয়ে গেল ৮ টাকা। সিমেন্টের দাম বস্তা পিছু ৩০ টাকা বাড়ল। একইভাবে রাজমিস্ত্রির পারিশ্রমিক থেকে শুরু করে বালি, পাথর সব কিছুরই দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়ে গেল।



