সংবাদদাতা, পতিরাম: বালি বোঝাই ১৬ চাকার ডাম্পার উল্টে পড়ল আবাস যোজনায় পাওয়া বাড়ির উপর। অল্পের জন্য পরিবারের সদস্যরা রক্ষা পেলেও গোটা বাড়িটি ভেঙে গিয়েছে। এনিয়ে প্রতিবাদ করতে গেলে সংশ্লিষ্ট বালি ব্যবসায়ী প্রাণে মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ। এনিয়ে বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন ওই ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক। নতুন বাড়ি এভাবে ভেঙে যাওয়ায় তাঁর মাথায় হাত পড়েছে। অভিযুক্ত ওই বালি ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় শোরগোল পড়েছে বালুরঘাটের খাদিমপুর সুকান্ত কলোনিতে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
পুলিস জানিয়েছে, সুকান্ত কলোনির বাসিন্দা রণজিৎ বেইন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। গত বছর তিনি আবাস যোজনায় ঘর পেয়েছেন। সেই ঘর তিনি তৈরি করেছেন। এদিকে ওই বাড়ির পাশেই একজন বালির ব্যবসা করে। গতকাল রাতে সেই বাড়ির পাশ দিয়েই ১৬ চাকার একটি ডাম্পার বালি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই রাস্তাটি ডাম্পারের যাওয়ার উপযুক্ত না হলেও জোর করে সেটিকে ঢোকান হয়েছিল। এরপরেই ডাম্পারটি বাড়ির ইপর উল্টে যায়। এতে বাড়িটি ভেঙে যায়। বাড়ির মালিকের অভিযোগ, প্রতিবাদ করতে গেলেই হুমকি দেওয়া হয়। তিনি থানায় অভিযোগ করে বলেন, পুরো বাড়ি ভেঙে গিয়েছে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে। আমাকে ওই মালিক এসে বলছে আজ গাড়ি দিয়ে বাড়ি ভেঙেছে, আগামীতে গাড়ি চাপা দিয়ে মারব। তাই ভয়ে থানার দ্বারস্থ হয়েছি। যদিও এবিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। এই ব্যাপারে বালুরঘাট সদর ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



