Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আবাস: যোগ্যদের বঞ্চিত করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে সিপিএম! অভিযোগ চুঁচুড়ার তৃণমূল বিধায়কের

আবাস: যোগ্যদের বঞ্চিত করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে সিপিএম! অভিযোগ চুঁচুড়ার তৃণমূল বিধায়কের
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাজ্য সরকারের আবাস প্রকল্পের উপভোক্তা যাচাইয়ের কাজ চলছে। সেই কাজে ঘোঁট পাকাচ্ছে সিপিএম সমর্থক সরকারি কর্মীরা। সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারকে বেকায়দায় ফেলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দাবি, উপভোক্তা যাচাইয়ের সময় ভুল তথ্য দিয়ে ঝামেলা পাকানোর পরিকল্পনা করছেন পঞ্চায়েতের সরকারি কর্মীদের একাংশ। তাঁরা সকলেই কো-অর্ডিনেশন কমিটির (সিপিএমের সরকারি কর্মী সংগঠন) সদস্য। যোগ্য মানুষকে বঞ্চিত করে রাজ্য সরকারের উদ্দেশ্য ভেস্তে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। চুঁচুড়ায় একগুচ্ছ যোগ্য উপভোক্তার নাম ওঠেনি বলেও অভিযোগ বিধায়কের।
Advertisement
এদিন বিধায়ক ওই কর্মীদের চিহ্নিত করে সাসপেন্ড করার হুমকি দিয়েছেন। সেই বক্তব্য প্রকাশ্যে আসতেই ডামাডোল শুরু হয়েছে। প্রশাসনিক মহলেও এনিয়ে জল্পনা চলছে। সিপিএম নেতৃত্ব অবশ্য বিধায়কের অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে। এদিন দলীয় জনসংযোগ কর্মসূচিতে বিধায়ক কোদালিয়ার বিভিন্ন এলাকায় গিয়েছিলেন। সেখানেই তিনি বাসিন্দাদের সামনে পঞ্চায়েত কর্মীদের কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, ‘পাঁচজন উপভোক্তার নাম আমার কাছে স্থানীয় স্তর থেকে এসেছিল। আমি তা পঞ্চায়েতের সমীক্ষকদের কাছে দিয়ে বিষয়টি জানতে চাই। তাঁরা আমাকে জানান যে ওই উপভোক্তাদের নাম সরকারি তালিকায় নেই। তাই তাঁদের নাম বিবেচিত হচ্ছে না। আমাদের মুখ্যমন্ত্রী যেখানে মানুষের প্রয়োজনের নিরিখে বাড়ি বণ্টনের কথা বলছেন, সেখানে অনাবশ্যক আইনি জটিলতা তৈরি করা হচ্ছে। পঞ্চায়েত কর্মীদের একাংশ ওই কাজ করছেন। তাঁরা রাজ্য সরকারের কর্মী কিন্তু সিপিএমের কো-অর্ডিনেশন কমিটির সদস্য। তাই রাজ্য সরকারের প্রকল্প ভেস্তে দিতে চেষ্টা চালাচ্ছেন। আমি জেলাশাসকের কাছে এর জবাব চাইব। প্রয়োজনে ওই কর্মীদের সাসপেন্ড করতে হবে। প্রকৃত উপভোক্তারা চুঁচুড়ায় বঞ্চিত হচ্ছেন—এই অবস্থা চলতে থাকলে আমি মানুষকে নিয়ে আন্দোলনে নামব।’ সিপিএম নেতা মনোদীপ ঘোষ বলেন, ‘সরকার সবাইকে বাড়ি দিতে পারবে না। তাই আগে থেকে অজুহাত খাড়া করার কৌশল নিয়েছে।’ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জনসংযোগ যাত্রায় বিধায়ককে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল। এদিন তিনি ‘বাংলার বাড়ি’ নিয়ে প্রশ্নের মুখে পড়েন। তারপরেই ওই প্রকল্পের সমীক্ষক সরকারি কর্মীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি।
সম্পর্কিত সংবাদ