Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আবাসে উপকৃত বিরোধীরাও বাড়ি গিয়ে ‘শুভেচ্ছা’ উপ প্রধানের

আবাসে উপকৃত বিরোধীরাও বাড়ি গিয়ে ‘শুভেচ্ছা’ উপ প্রধানের
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলার বাড়ি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু, এই প্রকল্পে উপকৃত বিরোধীরাও। বারাসত ২ ব্লকের বিরোধী দলের সমর্থকদের অ্যাকাউন্টে আবাস প্রকল্পে প্রথম কিস্তির টাকা চলে গিয়েছে। বিরোধীদের জবাব দিতে ‘শুভেচ্ছা’ জানালেন দাদপুর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল হাই। তাদের বাড়িতে গিয়ে সোমবার রীতিমতো ফুল, মিষ্টি ও উত্তরীয় উপহার দেন তিনি।
Advertisement
বারাসত ২ ব্লকের দাদপুর পঞ্চায়েতে বাংলার আবাসে প্রথম দফায় প্রায় ২০০ জন বাড়ি পাচ্ছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকেছে। তালিকায় আছেন ৫০ সিপিএম ও আইএসএফের সমর্থক। এদিন দাদপুর অঞ্চলের বিরোধী রাজনৈতিক দলের সমর্থকদের প্রথম কিস্তির টাকা ঢুকেছে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানালেন উপপ্রধান আব্দুল হাই। পাশাপাশি কেউ টাকা চাইলে না দেওয়ার পরামর্শ দিয়েছেন। সিপিএম নেতা আব্দুল জলিল বলেন, বাম আমলে বাড়ি পাইনি। আবেদন করেও তালিকা থেকে নাম বাদ হয়। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের বাড়ি দিল। প্রথম কিস্তির টাকাও পেয়েছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। অন্যদিকে, আইএসএফ নেতা মহম্মদ নাজমুল বলেন, বাংলার বাড়ি নিয়ে আমরা তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটিয়েছিলাম। কিন্তু দেখছি, ভুল ছিল। সেটা হলে আমি তো টাকা পেতাম না। উপপ্রধান বাড়িতে শুভেচ্ছা জানিয়েছেন। এ নিয়ে দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন, মুখ্যমন্ত্রী পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক রং দেখেন না। ওরা অনেক অভিযোগ করে। কিন্তু নিজদের ভুল বুঝতে পেরে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। 
সম্পর্কিত সংবাদ