নিজস্ব প্রতিনিধি, বারাসত: আবাস নিয়ে সরকারি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার শ্বেতপুর গ্রামে। সমীক্ষা চালানোর সময় কর্মীদের ঘিরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, সরকারি ঘর পাওয়ার ক্ষেত্রে যোগ্য হওয়া সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে। দেগঙ্গার সোহাই-শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে আবাসের ঘর নিয়ে সম্প্রতি বেশ কিছু বেনিয়মের অভিযোগ জমা পড়ে বিডিওর কাছে। অভিযোগ, মাটির বাড়ি, বেড়া, ত্রিপল দেওয়া ঘরের বাসিন্দারা সরকারি আবাস যোজনায় পাকা বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ, যাঁদের পাকাবাড়ি রয়েছে তাঁদের নাম রয়েছে। এরকম প্রায় ৩৭ অভিযোগ জমা পড়ে। এদিন দেগঙ্গা ব্লক অফিসের প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার বরুণকুমার দাস সহ দপ্তরের কর্মীরা গ্রামে গিয়েছিলেন তদন্ত করতে। তখন কয়েকজন গ্রামবাসী তাঁদের ঘিরে ক্ষোভ উগড়ে দেন।



