মুম্বই: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় সামনে এসেছে পাক যোগ। যার জেরে পড়শি দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে নয়াদিল্লি। এবার দু’দেশের সম্পর্কের তিক্ততার রেশ পড়ল বলিউডে। অনিশ্চয়তার কালো মেঘ ‘আবির গুলাল’ ঘিরে। আগামী ৯ মে পাক অভিনেতা ফাওয়াদ খান ও বণী কাপুর অভিনীত এই সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা। কিন্তু ভারতে ‘আবির গুলাল’ মুক্তি পাচ্ছে না বলে সূত্র উদ্ধৃত করে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
টানা ন’বছর নিষিদ্ধ থাকার পরে বলিউডে ফিরছেন ফাওয়াদ। তাঁর নতুন ছবি ‘আবির গুলাল’-এর মাধ্যমে। গত ১ এপ্রিল মুক্তি পায় ছবির টিজার। কিন্তু কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানার পরে ‘আবির গুলাল’-এর মুক্তি ঘিরে দেয় বিতর্ক। পাক অভিনেতা ফাওয়াদ অভিনীত ছবি কি ভারতের হলে মুক্তি পাওয়া উচিত? প্রশ্ন উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। এই ছবি বয়কটের ডাক উঠেছে বিভিন্ন মহল থেকে। ‘আবির গুলাল’ ভারতে মুক্তি পেলে নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর তরফেও। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, উদ্ভূত পরিস্থিতিতে ‘আবির গুলাল’ দেখাতে রাজি নয় বহু সিনেমা হল। চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত সংগঠনগুলিও ছবিটি বয়কটের ডাক দিয়েছে। যে কারণে ছবিটি ভারতে মুক্তির অনুমোদন বাতিল করা হতে চলেছে।