Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডায় পড়তে গিয়ে রহস্যমৃত্যু আপ নেতার কন্যার

কানাডায় রহস্যজনক মৃত্যু পাঞ্জাবের আপ নেতার মেয়ের। মৃতের নাম বংশিকা সাইনি। গত ২৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তিনি।

কানাডায় পড়তে গিয়ে রহস্যমৃত্যু আপ নেতার কন্যার
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অটোয়া: কানাডায় রহস্যজনক মৃত্যু পাঞ্জাবের আপ নেতার মেয়ের। মৃতের নাম বংশিকা সাইনি। গত ২৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার একটি সমুদ্র সৈকত থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বংশিকার বাবা দেবেন্দ্র সিং সাইনি পাঞ্জাবের ডেরা বাসসির আপ বিধায়ক কুলজিৎ সিং রন্ধাওয়ার ঘনিষ্ঠ। আড়াই বছর আগে স্কুলের পড়াশোনা শেষ করে কানাডায় এসেছিলেন বংশিকা। অটোয়ার একটি কলেজে থেকে ডিপ্লোমা করছিলেন তিনি। পাশাপাশি আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ২৬ এপ্রিল পরীক্ষায় বসার কথা ছিল তাঁর। কিন্তু তার আগের দিন রাত থেকেই নিখোঁজ হয়ে যান বংশিকা। ফোনও বন্ধ ছিল। পরীক্ষা দিতেও যাননি। এরপর বন্ধুরা মিলে খোঁজ শুরু করেন। স্থানীয় থানায় বিষয়টি তাঁরা জানান। এরপর সোমবার সকালে একটি সৈকতের ধারে ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর কারণ নিয়ে পুলিস কোনও তথ্য দিতে পারেনি। ঘটনার তদন্ত চলছে। এদিকে, বংশিকাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। তাঁর কাকিমা বলেন, পড়াশোনা করে বংশিকা ডাক্তার হতে চেয়েছিল। সে কোনওভাবেই আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে। অটোয়ার ভারতীয় দূতাবাস ছাত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। তাঁর দেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ