Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোলানাথের কাছে মানত পূরণে দণ্ডি কেটে প্রায় ৩০০ কিমি পাড়ি যুবকের

ভোলানাথের উদ্দেশ্যে করা মানত পূরণ করতে বকখালি থেকে দণ্ডি কেটে ওড়িশার চন্দনেশ্বরে পাড়ি দিলেন নামখানার হরিপুরের বাসিন্দা বাসুদেব জানা।

ভোলানাথের কাছে মানত পূরণে দণ্ডি কেটে প্রায় ৩০০ কিমি পাড়ি যুবকের
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ভোলানাথের উদ্দেশ্যে করা মানত পূরণ করতে বকখালি থেকে দণ্ডি কেটে ওড়িশার চন্দনেশ্বরে পাড়ি দিলেন নামখানার হরিপুরের বাসিন্দা বাসুদেব জানা। রবিবার সকালে শিব চতুর্দশীর পুণ্য তিথিতে বকখালির সমুদ্রতট থেকে তিনি যাত্রা শুরু করেন। এই যাত্রাপথে তাঁর সঙ্গী একটি পাঁচ ফুট বাই আড়াই ফুটের স্পঞ্জ। সেটির উপরে শুয়ে দণ্ডি কাটতে কাটতে ঈশ্বরকে প্রণাম জানিয়ে তিনি এগিয়ে চলেছেন। 

Advertisement

জানা গিয়েছে, বাসুদেববাবু পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। তিনি প্রায় চার মাস আগে একটি বাড়িতে ওয়্যারিংয়ের কাজ করতে গিয়েছিলেন। তখন তাঁর একটি বড় দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর একটি হাত অসাড় হয়ে যায়। এছাড়া তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই মাস ধরে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। শেষ পর্যন্ত তিনি ভোলানাথের কাছে মানত করেছিলেন। প্রতিজ্ঞা করেছিলেন, সুস্থ হলে বকখালি থেকে চন্দনেশ্বর পর্যন্ত দণ্ডি কেটে যাবেন। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তাই সেই মানত পূরণ করতে বকখালি থেকে চন্দনেশ্বরে পাড়ি দিচ্ছেন। প্রায় ৩০০ কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে তিনি ওই মন্দিরে পৌঁছবেন।
বিষয়টি নিয়ে বাসুদেব জানা বলেন, দুর্ঘটনার পর ভোলানাথের আশীর্বাদে একপ্রকার পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছি বলে মনে হয়েছে। তাই তাঁর মাথায় জল ঢেলে মানত পূরণ করতে এগিয়ে চলেছি। এখন মন্দিরে পৌঁছানোই আমার লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ