ভোপাল, ৩০ অক্টোবর: চকলেট নিয়ে সামান্য ঝামেলা। আর তার জেরেই এক ভয়াবহ পরিণতির সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। রাগ ও প্রতিশোধের বশে মাত্র চার বছরের এক শিশুকে খুনের অভিযোগ উঠল ১২ বছরের এক কিশোরীর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটি এবং অভিযুক্ত কিশোরী একই পাড়ায় থাকত। অভিযোগ, চকলেট নিয়ে বিবাদের সময় ওই কিশোরীকে বকাঝকা করেন শিশুটির মা। তার পরেই সেই অপমানের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে সে। এরপর সুযোগ বুঝে চার বছরের শিশুটিকে বাড়ির ছাদে থাকা জলের ট্যাঙ্কে ঠেলে ফেলে দেয় কিশোরী। শুধু তাই নয়, শিশুটি যাতে বেরিয়ে আসতে না পারে, তার জন্য ট্যাঙ্কের মুখে একটি ভারী পথর চাপা দিয়ে দেয়। এর ফলে জলের ট্যাঙ্কের মধ্যেই মৃত্যু হয় শিশুটির। মন্দসৌরের পুলিশ সুপার বিনোদ মীনা জানিয়েছেন, জেরার মুখে অভিযুক্ত কিশোরী নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। এরপর তাকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে হোমে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। সামান্য বচসার জেরে এমন ভয়াবহ ঘটনা এলাকায় গভীর আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি করেছে।



